'সংস্কৃতির ওপর আক্রমণকারীরা মুক্তিযুদ্ধের পক্ষের নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, যারা সংস্কৃতির ওপর আক্রমণ করে, মানুষের বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করে দিতে চায়, তারা কখনো মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষ হতে পারে না।

সুলতানা কামাল বলেন, সমাজের বিভিন্ন ঘটনাপ্রবাহে সৃষ্ট মনের ক্ষোভ, ঘৃণা ও যন্ত্রণাকে প্রতিবাদের ভাষায় রূপ দিয়ে নাটক এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তুলে ধরা সম্ভব।

গতকাল শুক্রবার নেত্রকোনা শহরের ছোটবাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মানবাধিকার নাট্য পরিষদের (মানাপ) নেত্রকোনার জেলা শাখা আয়োজিত দুদিনের নাট্যোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত বছরের নভেম্বরে শহরের শহীদ মিনারে মানাপ জেলা শাখা আয়োজিত মানবাধিকার নাট্যোৎসবের প্যান্ডেল ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। ওই ঘটনা স্মরণ করে সুলতানা কামাল, ‘নেত্রকোনা অসাম্প্রদায়িক এলাকা। গতবারের ওই ঘটনায় আমরা অবাক হয়েছি। কারা করেছিল আমরা তা জানি। যারা এ ধরনের অপকর্ম করে করে, তাদের ভেতরে দুর্বলতা কাজ করে সব সময়। যার ফলে তারা ক্ষমতার দাপট দেখায়। কিন্তু তা চিরস্থায়ী হতে পারে না।’

এর আগে তিনি জাতীয় পতাকা তুলে উৎসবের উদ্বোধন করেন এবং একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। নেত্রকোনার বিভিন্ন এলাকার মানবাধিকার নাট্যসংগঠন এবং বিদ্যালয় নাট্যদলের সদস্যরা অনুষ্ঠানে নাটক, গান ও নৃত্য পরিবেশন করে।

জেলা মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি সালাউদ্দিন খান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার খান মো. আবু নাসের, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, মানাপের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মোতাহার আখন্দ, নাট্যকার আহমেদ আলী সিদ্দিকী প্রমুখ।