‘সংহতি’র দিনে পৃথক কর্মসূচি
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ চট্টগ্রামে বিএনপি পৃথক কর্মসূচি পালন করেছে। দুইপক্ষ রাঙ্গুনিয়ায় প্রয়াত জিয়াউর রহমানের প্রথম কবরে ফাতেহা পাঠ এবং নগরে আলাদাভাবে সভা-সমাবেশ করে। জানা গেছে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একাংশ এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিনের নেতৃত্বে অন্য অংশ গতকাল পৃথক কর্মসূচি পালন করে। তবে দুইপক্ষের মধ্যে গোলযোগের কোন খবর পাওয়া যায়নি। দলীয় সূত্র জানায়, সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে রাঙ্গুনিয়ায় জিয়ার কবরে ফাতেহা পাঠ করেন আমীর খসরু। আবদুল্লাহ আল নোমান দলীয় অনুসারীদের নিয়ে আলাদা রাঙ্গুনিয়ায় যান। একই সময় নগরের বিপ্লব উদ্যানে সমাবেশ করেন মীর নাছির। ১৯৭১ সালের মার্চে বিপ্লব উদ্যানে জিয়া বিদ্রোহ ঘোষণা করে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছিলেন।বিকেলে নোমান ও মীর নাছিরের নেতৃত্বে লালদীঘি ময়দানে বিএনপির একাংশ সমাবেশ করে। অন্যদিকে খসরুর নেতৃত্বে নগরের উডল্যান্ড পার্কে সমাবেশের আয়োজন করা হয়। উভয় সমাবেশে বিএনপি নেতারা সরকারবিরোধী বক্তৃতা ও জিয়া পরিবার নিয়ে আলোচনা করেন।উডল্যান্ড পার্কের সমাবেশে আমীর খসরু বলেন, জিয়াউর রহমান বার বার সংকটময় মুহূর্তে দেশকে রক্ষা করেছেন। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করেন। আবার ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করেন। এরপর বিধ্বস্ত দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করেন তিনি।জিয়াকে আধুনিক বাংলাদেশের স্থপতি দাবি করে খসরু বলেন, বর্তমান সরকার জিয়ার পরিবারকে ধ্বংস করতে নানা ষড়যন্ত্র করছে। মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে জিয়া পরিবারের সদস্যদের হয়রানি করছে সরকার। অথচ দেশ আজ হাজারো সমস্যায় জর্জরিত। এ সবের সমাধান না করে বিরোধী দলের নেতা-কর্মীদের দমন-নিপীড়নে ব্যস্ত। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। এসব অপকর্ম বন্ধ না হলে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। লালদীঘি ময়দানের সমাবেশে নোমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সম্পদের ওপর বিদেশীদের লোলুপ দৃষ্টি পড়ে। এ সরকার চট্টগ্রাম বন্দরকে বিদেশীদের হাতে তুলে দিতে যাচ্ছে। এতে দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। বেগম জিয়া শিগগিরই লং মার্চসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেবেন। এ সব কর্মসূচিতে সবাইকে অংশ নিয়ে সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে হবে।মীর নাছির বলেন, শহীদ জিয়া চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেন। চট্টগ্রামেই তাঁর মৃত্যু হয়। তাই চট্টগ্রামবাসী জিয়ার রক্তের কাছে ঋণী। বেগম জিয়াকে বাড়ি ছাড়ার নোটিশ প্রত্যাহার না হলে চট্টগ্রাম থেকেই সরকার পতনের আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।নোমান-নাছিরের সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা এ এম নাজিমউদ্দিন, মাহবুবুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইনাম উল হক বক্তৃতা করেন।