‘সইরে যাবার কইছিল কিন্তু যামু কই!’
আকবর শাহ মাজারসংলগ্ন রেলওয়ে পাহাড়ের ঢালে শতাধিক নিম্ন আয়ের পরিবারের বাস। মঙ্গলবার সন্ধ্যার পর ভারী বৃষ্টিপাতের সময় পাহাড়টির বিশাল এলাকা ধসে পড়ে টিনের বেড়া ও ছাউনি দিয়ে গড়া ৫০টি ঘরের ওপর। এর আগে সকালেও তাদের সেখান থেকে সরে যেতে বলা হয়েছিল। কিন্তু তারা সরেনি। ওই দুর্ঘটনা থেকে বেঁচে যান দিনমজুর নসু মিয়া। তাঁর ঘর ভাঙেনি। দুর্ঘটনার পরপরই নসুও নেমে পড়েন উদ্ধারকাজে। তিনি এ সময় ক্ষোভের সঙ্গে বলতে থাকেন, ‘আমগোরে সইরে যাবার কইছিল। কিন্তু যামু কই! আমরা গরিব মানুষ বৃষ্টির দিনে বউ-বাচ্চা লই কই যামু—হেইডা কেউ কয় না। যদি স্বজন ও সামর্থ্য থাকত তাইলে কি এহানে মরবার লাগি থাকি!’ প্রতিবছর বর্ষাকালে বৃষ্টি শুরু হলে পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে তোড়জোড় শুরু হয়। এবারও ব্যতিক্রম হয়নি। মাইকিং করা হয়। বিশ্বকলোনি এলাকায় ১০০ পরিবারকে জোরপূর্বক তুলেও দেওয়া হয়। কিন্তু কোনো স্থায়ী বা অস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করে জোরপূর্বক কিংবা মাইকিং করে তুলে দেওয়ার চেষ্টা সফল হচ্ছে না। এ কারণে প্রতিবছর বর্ষায় পাহাড়ধসে প্রাণহানি ঘটছে বলে অভিযোগ। জানা গেছে, মঙ্গলবারের বৃষ্টির সময় নগরের অন্তত পাঁচটি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটে। এর মধ্যে আকবর শাহ মাজার, বিশ্বকলোনির মটকাঘোনা ও উত্তর পাহাড়তলী এলাকায় প্রাণহানির ঘটনা ঘটেছে। অথচ গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি শুরু হওয়ার পর এসব এলাকার লোকজনকে সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছিল। কিন্তু তারা কোথায় যাবে—এই ভাবনায় সরেনি। তবে পাহাড় ব্যবস্থাপনা কমিটির দাবি, লোকজনকে দুর্যোগের সময় বিভিন্ন স্কুলে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে পাহাড় ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান বলেন, ‘আমরা আকাশে মেঘ দেখলেই তাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেছি। জোরপূর্বকও মঙ্গলবার সরিয়েছি। তাদের জন্য স্কুল খুলে দেওয়া হলেও তারা যায়নি। এমনকি টাকাও দেওয়া হবে বলে জানানো হয়। নিম্ন আয়ের এসব লোককে তুলে দিলেও তারা পুনরায় ওখানে চলে আসে।’ জানা গেছে, মঙ্গলবার সকালে ভারী বৃষ্টির সময় বিশ্বকলোনি ও বাটালি পাহাড় এলাকা থেকে এই ধরনের ১০০ পরিবারকে জোরপূর্বক সরানো হয়। এ সময় বিশ্বকলোনি এলাকায় ২০টি ঝুঁকিপূর্ণ ঘর ভেঙেও দেওয়া হয়। কিন্তু ক্ষতিগ্রস্ত লোকজনের অভিযোগ, তাদের পুনর্বাসন বা অস্থায়ী আশ্রয়ের কোনো ব্যবস্থা করা হয়নি। উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সাত্তার সেলিম বলেন, ‘এখানে যারা থাকে, তারা সবাই নিম্ন আয়ের লোকজন। তাদের তেমন কোনো স্বজনও নেই যে দুর্যোগের সময় কোথাও যাবে। আমরা মাইকিং করে তাদের উঠে যেতে বলেছিলাম। কিন্তু শোনেনি।’ বিভাগীয় কমিশনার বলেন, ‘স্থায়ী পুনর্বাসন করা অনেক সময়ের ব্যাপার। এখন সিটি করপোরেশন পুনর্বাসনের জন্য একটি উদ্যোগ নিয়েছে।’