রাজশাহী সিটি করপোরেশনের সব সেবা (কার্যক্রম) অনলাইনে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে মানুষ সিটি করপোরেশনের কার্যক্রম সম্পর্কে জানতে পারেন এবং স্বচ্ছতা বজায় থাকে। গতকাল বুধবার দুপুরে দায়িত্ব গ্রহণের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এ ঘোষণা দেন।
মেয়র রাজশাহীকে গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি ও এডুকেশন সিটির মডেল হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন এবং তিনি চলমান বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরে বলেন, পূর্বের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে নতুন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে অনুমোদনের জন্য দাখিল করা হয়েছে। পর্যায়ক্রমে এগুলো অনুমোদিত ও বাস্তবায়িত হবে।
মেয়র আরও বলেন, সহযোগী প্রতিষ্ঠানসমূহের কাজের সমন্বয় অপরিহার্য। সমন্বিত উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজন সিটি গভর্নমেন্ট। তাই দেশের সব সিটি করপোরেশন এবং উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ‘সিটি গভর্নমেন্ট’ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
মেয়র বলেন, ‘দলমতের ঊর্ধ্বে থেকে সকলের সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে রাজশাহীকে একটি আন্তর্জাতিক মানের শহরে উন্নীত করতে চাই। তবে উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ থাকলেই তা বাস্তবায়ন করা সম্ভব হবে।’
রাজশাহী সিটি করপোরেশনের বিগত পরিষদের দুর্নীতি তদন্ত করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে মেয়র মোসাদ্দেক হোসেন বলেন, ‘তাঁর নির্বাচনী ইশতেহারের ১৮ নম্বরে বলা ছিল, নির্বাচিত হলে সিটি করপোরেশনের দুর্নীতি তদন্ত করা হবে। সেই অনুযায়ী করপোরেশনের কর্মকর্তা ও পরিষদ আগের পরিষদগুলোর দুর্নীতি খতিয়ে দেখছে। অপেক্ষা করুন, সময় হলেই তা প্রকাশ করা হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ আনোয়ারুল আমিন, প্যানেল মেয়র-২ নূরুজ্জামান, প্যানেল মেয়র-৩ নুরুন্নাহার বেগম, নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী কমিটির সভাপতি বেলাল আহমেদ, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি রবিউল আলম, শিক্ষা উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি আব্বাস আলী সরদার, প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সচিব এ কে এম মাসুদুজ্জামান, প্রধান রাজস্ব কর্মকর্তা সৈয়দা জেবিন নিছা সুলতানাসহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তা।