'সকাল হতে না-হতেই সব শেষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহপাঠীদের সঙ্গে তনিমারও (ছবিতে নে​ই) এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে পরীক্ষা। এর আগেই না-ফেরার দেশে চলে গেছে সে। গত শুক্রবার নিজ বাসায় গ্যাস বিস্ফোরণে মারা যায় সে। তনিমার মৃত্যুর খবর শুনে কাঁদছে তার সহপাঠীরা। গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা ছবি l প্রথম আলো
সহপাঠীদের সঙ্গে তনিমারও (ছবিতে নে​ই) এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে পরীক্ষা। এর আগেই না-ফেরার দেশে চলে গেছে সে। গত শুক্রবার নিজ বাসায় গ্যাস বিস্ফোরণে মারা যায় সে। তনিমার মৃত্যুর খবর শুনে কাঁদছে তার সহপাঠীরা। গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা ছবি l প্রথম আলো

চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গের বাইরে গতকাল শনিবার দুপুরে নির্বাক দাঁড়িয়ে ছিলেন ব্যবসায়ী আবদুল মোতালেব। তখন ভেতরে পড়ে ছিল তাঁর মা আর প্রাণের মেয়ের প্রাণহীন দেহ। তাঁর পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বললেন, ‘মা আর ছেলেমেয়েদের রেখে বাড়ি গিয়েছিলাম। আগের দিন সন্ধ্যায় গেলাম আর সকাল হতে না-হতেই সব শেষ।’
গত শুক্রবার ভোরে চট্টগ্রাম নগরের বাকলিয়ার দেওয়ান বাজারের ‘মাদ্রাসা’ ভবনের (ছয়তলা আবাসিক ভবন) তৃতীয় তলায় আবদুল মোতালেবের ফ্ল্যাটে বিস্ফোরণে সবকিছু লন্ডভন্ড হয়ে যায়।

ছমুদা খাতুন ও তনিমা আফরিন
ছমুদা খাতুন ও তনিমা আফরিন

রান্নার চুলা থেকে ছড়িয়ে পড়া গ্যাস ঘরে জমে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া আগুনে পুড়ে যান তাঁর মা ছমুদা খাতুন (৭০) ও মেয়ে তনিমা আফরিন চৌধুরী (১৬)। দুজনেরই শরীরের শতভাগ পুড়ে যায়। শুক্রবার রাত ১২টা ৫ মিনিটে প্রথমে মেয়ে এবং রাত একটায় মা ছমুদা খাতুন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে মারা যান। একই ঘটনায় দগ্ধ মোতালেবের বড় ছেলে আরিফুল ইসলামকে (২৬) উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়। তাঁর শরীরের ২৫ ভাগ পুড়ে গেছে।
সহপাঠী তনিমার মৃত্যুর খবর শুনে মেডিকেল কলেজ মর্গের সামনে গতকাল সকালে ছুটে আসে তার কয়েকজন সহপাঠী। মরদেহ দূর থেকে দেখেই কাঁদতে থাকে তারা। নগরের কুসুমকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তনিমার। সহপাঠীরা বলে, সে খুব ভালো ছাত্রী ও মিশুক ছিল।
ময়নাতদন্ত শেষে দুপুরের দিকে ছমুদা ও তনিমার মরদেহ গ্রামের বাড়ি লোহাগাড়ার আমিরাবাদে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর মোতালেবের ছোট ছেলে আসিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার রাতে নিয়ে যায় র্যা ব। গতকাল দুপুরের পর তাকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে র্যা ব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের সন্দেহ ছিল, এটি বিস্ফোরক কি না। পরে বিভিন্ন আলামত সংগ্রহ করে ঢাকায় পাঠিয়ে ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করে নিশ্চিত হয়েছি যে এটা গ্যাসের কারণে হয়েছে। তাই যাদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়, তাদের ছেড়ে দেওয়া হয়।’
শুক্রবার ভোরে বিস্ফোরণের সময় ঘরে ছিলেন মোতালেবের তিন ছেলে, মেয়ে ও মা। বিস্ফোরণে অক্ষত ছিলেন দুই ছেলে। বিস্ফোরণের পর বিভিন্ন ফ্ল্যাট থেকে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে আরও অন্তত পাঁচজন আহত হন। ভবনের ১৮টি ফ্ল্যাটের দরজা-জানালা ও কাচ ভেঙে যায়। আরও কয়েকটি ফ্ল্যাট আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তৃতীয় তলার ওই ফ্ল্যাটের কিছু আসবাব উড়ে গিয়ে পাশের ভবনের বারান্দার গ্রিলে গিয়ে পড়ে। এমনকি পাশের ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটের একটি কক্ষের দেয়ালও ভেঙে যায়।
এদিকে, বিস্ফোরণের ঘটনা তদন্তে চট্টগ্রাম জেলা প্রশাসন রাতেই আট সদস্যের কমিটি গঠন করে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোমিনুর রশিদকে। তিনি বলেন, কমিটিতে ফায়ার সার্ভিস, পুলিশসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি রাখা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবেন তাঁরা।