এভারেস্ট বিজয় নিয়ে তথ্য বিকৃত করে সকালবেলার পাখী নামের প্রকাশিত সংকলনের প্রকাশনা, বাজারজাত ও হস্তান্তরের ওপর কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর আদেশ জারি করেছেন আদালত।গতকাল মঙ্গলবার ঢাকার পঞ্চম জেলা যুগ্ম জজ সাঈদুর রহমান গাজী এ আদেশ দেন। সকালবেলার পাখী সংকলনের প্রকাশক, সম্পাদকসহ সাতজনকে নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলেছেন আদালত।প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম গত সোমবার চন্দ্রাবতী একাডেমি প্রকাশিত ছোটদের আনন্দবার্ষিকী সংকলন সকালবেলার পাখী প্রকাশনার ওপর নিষেধাজ্ঞা চেয়ে এ মামলা করেন। এই সংকলনে এম এ মুহিতকে প্রথম এভারেস্ট বিজয়ী হিসেবে উল্লেখ করা হয়।মামলায় বলা হয়, ওই সংকলনে ইনাম আল হক ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ শিরোনামের প্রতিবেদনে ‘প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন এম এ মুহিত’ এ তথ্য প্রকাশ করেন।প্রসঙ্গত, প্রথম বাংলাদেশি হিসেবে ২০১০ সালের ২৩ মে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম এবং সেখানে প্রায় ৩০ মিনিট অবস্থান করেন তিনি। আর মুহিত এভারেস্ট জয় করেন ২০১১ সালের ২১ মে, যা দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এই তথ্যগত ভুল সংশোধন না করে বইটি যাতে সাধারণের হাতে না যায়, মামলায় এ আবেদনও করা হয়েছে।