
পরীক্ষা শুরুর আগে গণহারে প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরেও অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের সকালের নিয়োগের বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা বাতিল না করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ।
এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। তাঁরা বলছেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিকেলের পরীক্ষা বাতিল করা হলে সকালের পরীক্ষা কেন বাতিল করা হবে না?
গতকাল শুক্রবার অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগের বাছাইপর্বের পরীক্ষা ছিল। ২৬২টি পদের বিপরীতে দুই লাখেরও বেশি পরীক্ষার্থী থাকায় সকাল বিকেল দুই ভাগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সকাল ভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আরেক ভাগের পরীক্ষা ছিল বেলা সাড়ে তিনটায়। কর্তৃপক্ষ প্রথমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার করে। পরে বেলা একটায় সিদ্ধান্ত জানায়, বিকেলের পরীক্ষা আর হবে না।

গতকাল সকালে পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীরা আগের দিন বৃহস্পতিবার ভোর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে হাতে লেখা ও ছাপা প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ করেন। সকাল সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত প্রথম আলোর কাছে ছড়িয়ে পড়া এমন শতাধিক প্রশ্নপত্রও এসে পৌঁছায়। প্রথম আলো অনলাইনে গতকাল সকালে এ–সংক্রান্ত সংবাদও প্রকাশিত হয়।
বেলা ১১টায় সকাল ভাগের পরীক্ষা শেষ হওয়ার পরীক্ষার্থীরা জানান, ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মূল পরীক্ষার হুবহু মিল পেয়েছেন তাঁরা। পরে প্রথম আলোর কাছে আগে থেকে সংরক্ষিত প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখা যায়, ফাঁস হওয়া ১০০টি প্রশ্ন আর মূল পরীক্ষার প্রশ্ন পুরোপুরি এক। এর মধ্যে বিকেলের প্রশ্নপত্র আবার ফেসবুকে ছড়িয়ে পড়ে। তখন ওই পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়। কিন্তু ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সকালের পরীক্ষা বাতিলের ঘোষণা না আসায় ক্ষুব্ধ পরীক্ষার্থীরা।
এর আগে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। গত ২১ এপ্রিল ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গতকাল সকালে পরীক্ষা দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সজল কুণ্ডু প্রথম আলোকে বলেন, একই অপরাধে কখনো দুই বিচার হতে পারে না। সকালের প্রশ্নপত্রও তো পরীক্ষার ছয় থেকে সাত ঘণ্টা আগেই ছড়িয়েছে। তাহলে কেন সেটা বাতিল করা হবে না?
আরেক ছাত্র রিজওয়ান পারভেজ বলেন, এটি তো রীতিমতো প্রহসন। নিয়োগ পরীক্ষার নামে এই প্রহসন বন্ধ হোক।

শামসুন নাহার নামে আরেক পরীক্ষার্থী বলেন, সকালে যাঁরা প্রশ্নপত্র পেয়েছেন, তাঁরা তো ১০০–তে ৯৮-৯৯ করে পাবেন। এই পরীক্ষা বাতিল না হলে তো চরম বৈষম্য তৈরি হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একদল ছাত্র জানান, এভাবে প্রশ্নপত্র ফাঁসের পরেও যদি সকালের পরীক্ষা বাতিল না হয়, তাহলে তাঁরা আন্দোলন করবেন। প্রয়োজনে আদালতে যাবেন। কারণ, পরীক্ষা শুরুর আগেই যে মূল প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, তার সব প্রমাণই আছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে এই পরীক্ষা গ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আজ শনি ও আগামীকাল রোববারের মধ্যে সকালের পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বাংলাদেশ ব্যাংকও মনে করে, পরীক্ষা শুরুর আগে শতভাগ প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে ওই পরীক্ষা বাতিল করাই শ্রেয়।
সকালে অনুষ্ঠিত পরীক্ষার বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান আবু তালেব আজ বেলা ১১টায় প্রথম আলোকে বলেন, ‘সকালের পরীক্ষা বাতিলের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ, আমাদের কাছে পরীক্ষা শুরুর আগে কেউ অভিযোগ করেনি।’ ফেসবুকে প্রশ্ন আগেই ছড়িয়েছিল, আপনারা কি দেখেননি—জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের জানা নেই।’ প্রথম আলো অনলাইনে প্রশ্নফাঁসের অভিযোগের খবর বেরিয়েছে, সেটি দেখেছেন কি না, তা জিজ্ঞেস করলে বলেন, ‘আমরা তদন্ত করে দেখব।’