'সগায় খালি ভোট চায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সগায় খালি ভোট চায়। কাইয়ো ভাঙন ঠেকার কথা কয় না। দুধকুমার নদের ভাঙনে হামারা ভিটাছাড়া হইলোং। তাক দেখে না। খালি কয় জিতিয়া ব্যবস্থা নেম।’
ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন সকিনা বেওয়া। তাঁর বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে। একই ধরনের সমস্যার কথা বলেন উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কুমলিয়ার পাড় গ্রামের শিক্ষক কৃষ্ণ চন্দ্র সরকার। দুধকুমার নদপারের দুই ইউনিয়ন কালীগঞ্জ ও নুনখাওয়ার মানুষ ব্যাপক নদীভাঙনের শিকার। তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) প্রচারণা চালাতে এ দুই ইউনিয়নের প্রার্থীরা যেখানেই যাচ্ছেন, এ প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। প্রার্থীরা বলছেন, ‘মন্ত্রী ও সাংসদেরা ভাঙন রোধে কিছুই করছেন না। চেয়ারম্যান হিসেবে কতটুকু পারব? তবে চেষ্টা থাকবে।’
নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউপিতে ভোট ২৩ এপ্রিল। নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। চলছে মাইকিং, মিছিল-মিটিং, উঠানবৈঠক। পোস্টারে ছেয়ে গেছে হাট-বাজার, গ্রাম-পাড়া।
গত শনিবার সকালে নুনখাওয়া বাজারে গিয়ে দেখা যায়, ছোট বাজারের চারটি চায়ের দোকানেই ভিড়। বাইরে প্রার্থীদের পক্ষে চলছে মাইকে প্রচার। দুধকুমার নদ বাজারে এসে ঠেকেছে। বাজারে ওষুধের দোকানে দেখা হয় পল্লি চিকিৎসক আবু তাহেরের সঙ্গে। তিনি বলেন, ইউনিয়নটি দুধকুমার নদে বিভক্ত। অধিকাংশ মানুষ ভাঙনের শিকার। এখনো ভাঙন চলছে। এবার বন্যা হলে বাজার, ইউপি ভবন, ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র বিলীন হয়ে যাবে।
নুনখাওয়া ইউনিয়নে ১১ জন চেয়ারম্যান পদপ্রার্থী। তাঁরা হলেন আওয়ামী লীগের আমিনুল ইসলাম, বিএনপির তাজুল ইসলাম, জাতীয় পার্টির শাহজালাল উদ্দিন মোল্লা, স্বতন্ত্র আবুল কাশেম আজাদ, জিয়াউর রহমান, রিয়াজুল ইসলাম, সাহাবলু হোসেন, জিয়াউল, জাহাঙ্গির আলম, সাহাবর আলী ও রিয়াজুল হক।
তাজুল ইসলামের সঙ্গে দেখা হয় উত্তর সারিসুরি গ্রামে। তিনি বলেন, যেখানেই যাই, মানুষ জিজ্ঞেস করে নির্বাচিত হলে নদের ভাঙন রোধে কী ব্যবস্থা নেবেন। উত্তরে বলি, ‘আপনাদের সঙ্গে নিয়ে আন্দোলন করব। এ ছাড়া আমি চাই নির্বাচন যেন সুষ্ঠু হয়।’ আবুল কাশেম বলেন, ‘মন্ত্রী, এমপি, সরকার কিছুই করে না। সমান্য চেয়ারম্যান কী পারব!’
পার্শ্ববর্তী ইউনিয়ন কালীগঞ্জ। নুনখাওয়া থেকে কাঁচা সড়কে যেতে পথে দেখা যায়, কালীগঞ্জ বাজার পর্যন্ত সড়কে পোস্টার। সেখানে বিএনপির প্রার্থী শাহিনুল ইসলামের কয়েকজন সমর্থক প্রচারণা চালাচ্ছেন।
কালীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগের আব্দুর রহিম, বিএনপির শাহিনুর রহমান ওরফে স্বপন, জাতীয় পার্টের মতিয়ার রহমান ব্যাপারী ও স্বতন্ত্র প্রার্থী রিয়াজুল হক প্রধান।
নাগেশ্বরী উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বলেন, এ উপজেলার ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ৮৩ জন। সাধারণ সদস্য পদে ৫০২ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ১৮৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।