'সঙদের' অধিবেশন বসেছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে কুমিল্লায় নগরের কান্দিরপাড়ে ১৯-দলীয় জোটের মিছিলটি গতকাল প্রধান সড়কে উঠলে পুলিশ তাতে বাধা দেয়। পরে সেখানে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতা-কর্মীরা । প্রথম আলো
দশম জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে কুমিল্লায় নগরের কান্দিরপাড়ে ১৯-দলীয় জোটের মিছিলটি গতকাল প্রধান সড়কে উঠলে পুলিশ তাতে বাধা দেয়। পরে সেখানে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতা-কর্মীরা । প্রথম আলো

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবিধানিক গোঁজামিলের মধ্য দিয়ে সংসদ ও মন্ত্রিসভা গঠন করা হয়েছে। বিজ্ঞজনেরা এটিকে ‘সঙদের’ অধিবেশন বলে আখ্যায়িত করেছেন। আর এই ‘সঙদের’ নিয়ে বসেছে সংসদ অধিবেশন।
গতকাল বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। একতরফা নির্বাচনের মাধ্যমে গঠিত দশম সংসদের অধিবেশন বসার প্রতিবাদে গতকাল দেশের বিভিন্ন জায়গায় কালো পতাকা মিছিল করেছেন ১৯-দলীয় জোটের নেতা-কর্মীরা। রাজধানী, ময়মনসিংহ ও কুমিল্লায় মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে দলটি।
মির্জা ফখরুল দাবি করেন, গতকাল বুধবার জোটের কালো পতাকা মিছিল কর্মসূচিতে ঢাকাসহ বিভিন্ন জায়গায় পুলিশ বাধা দিয়েছে, গুলি চালিয়েছে। সাতক্ষীরায় গুলি করে একজনকে হত্যা করা হয়েছে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এসবের প্রতিবাদে আগামী শনিবার সারা দেশে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল জানান, শনিবার সব মহানগর, জেলা ও উপজেলায় প্রতিবাদ সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোট। ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে।
সরকার গণতন্ত্র চর্চার কোনো জায়গা রাখছে না অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সচেতনভাবে কঠোর কর্মসূচি এড়িয়ে চলছি। কিন্তু আমরা কথা বলার অধিকার চাই।’
মির্জা ফখরুল বলেন, সারা দেশে বেওয়ারিশ ও পরিচিত লাশের সংখ্যা প্রতিদিন বাড়ছে। সারা দেশে গুপ্তহত্যা, গুম, খুনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী দু-এক দিনের মধ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলন করতে পারেন।
এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, সময় বেঁধে দিয়ে আন্দোলন হয় না। তাঁরা নির্দলীয় সরকারের অধীনে একটি অবাধ নির্বাচন চান। সরকারের পদক্ষেপের ওপর বিএনপির আন্দোলনের কর্মসূচি নির্ভর করবে।
আরেক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে হত্যা করে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে সংসদ গঠনে কোনো কৃতিত্ব নেই। মাত্র ৫ শতাংশ ভোট পেয়ে শপথ নিয়ে শুধু আত্মতৃপ্তির ঢেকুর তোলা যায়, এতে কোনো কৃতিত্ব নেই।
খালেদা জিয়ার সম্পর্কে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেওয়া সাম্প্রতিক এক বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তথ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছেন, তা গণতন্ত্রের ভাষা নয়। এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। অতীতে হত্যা, সন্ত্রাস ও মানুষ খুনের সঙ্গে ইনু ও তাঁর দলের নাম চিরদিন লেখা থাকবে।
এদিকে ঢাকা মহানগর বিএনপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল কালো পতাকা মিছিলে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে পুলিশ বাধা দিয়েছে।
এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ২৫-৩০ জন নেতা-কর্মী আহত হন। ১৫-২০ জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পল্টন, শ্যামপুর, বাড্ডা, তেজগাঁও, দারুস সালাম, সূত্রাপুর, শেরেবাংলা নগর, মুগদা, দক্ষিণখান, আদাবর, খিলক্ষেত, শাহবাগ, রামপুরা, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, সবুজবাগ, রূপনগর, লালবাগ, ভাটারা, গেন্ডারিয়া, বনানী, উত্তরখান, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, বিমানবন্দর, মতিঝিল, শাহজাহানপুর, তুরাগ থানাসহ বিভিন্ন থানার ওয়ার্ডে ওয়ার্ডে কালো পতাকা মিছিল কর্মসূচি পালিত হয়।
ময়মনসিংহ অফিস জানায়, দুপুরে ময়মনসিংহ শহরের নতুন বাজারে বিএনপির কার্যালয় থেকে কালো পতাকা মিছিল বের করেন ১৯ দলের নেতা-কর্মীরা। মিছিলটি নতুন বাজার মোড়ে পৌঁছার পর পুলিশ বাধা দেয়। বাধার মুখে মিছিলটি দলীয় কার্যালয়ে ফিরে যায়।
কুমিল্লা: বেলা ১১টার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপিরসাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কান্দিরপাড়ে দলীয় কার্যালয়ে জড়ো হন। এরপর তাঁরা নগরের প্রধান সড়কে মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ লিবার্টি সিনেমা হল মোড়ে বাধা দেয়।
বিকেল চারটার দিকে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হকের অনুসারীরা দলীয় কার্যালয় থেকে মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয়।
সিরাজগঞ্জ: বেলা সাড়ে ১১টার দিকে শহরের ইবি রোডে জেলা বিএনপির কার্যালয় থেকে কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি শহরের ইলিয়ট ব্রিজে পৌঁছে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কালো পতাকা মিছিল ও সমাবেশ করেন। দলীয় কার্যালয় থেকে শুরু করে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
সিলেট: বিকেল চারটার দিকে নগরের কোর্ট পয়েন্ট থেকে কালো পতাকা মিছিল বের করেন জোটের নেতা-কর্মীরা।
মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের ব্যানারে ১৯-দলীয় জোট জেলা ও মহানগর কমিটি উল্লেখ থাকলেও সামনের সারিতে কেবল বিএনপির জেলা ও নগরের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতি দেখা গেছে।