‘সচেতন হলেই এগিয়ে যাওয়ার পথ পাবেন আদিবাসীরা’
কারও সাহায্যের অপেক্ষা করে বসে থাকলে পিছিয়ে থাকবেন। আদিবাসীদের নিজেদের যতটুকু শক্তি-সামর্থ্য আছে, তা কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। শুধু পানচাষের ঐতিহ্য আঁকড়ে ধরে পানপুঞ্জিতে আটকে থাকলে চলবে না। বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার পথ খুঁজে নিতে না পারলে অগ্রসর হওয়া সম্ভব নয়। নিজেরা সচেতন হলেই এগিয়ে যাওয়ার নানা পথ খুঁজে পাওয়া যাবে। আদিবাসীদের নিয়ে কর্মরত আইপিডিএসের (ইনডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস) উদ্যোগে উপজেলা ও ইউনিয়ন পরিষদের সঙ্গে আদিবাসী সম্প্রদায়ের এক মতবিনিময় সভায় বক্তারা ওই সব কথা বলেন। গত বুধবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা সদরে আইপিডিএস কার্যালয়ে ওই মতবিনিময় সভা হয়। এতে আদিবাসীদের পক্ষ থেকে হাতি ও গৃহপালিত পশুর হাত থেকে পানপুঞ্জির জুম ও ঘরবাড়ি রক্ষার দাবিসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে। আদিবাসী সংগঠন আন্তপুঞ্জি উন্নয়ন সংস্থা কুবরাজের সহসভাপতি প্রত্যুষ আশাক্রার সভাপতিত্বে এবং আইপিডিএসের সমন্বয়কারী জয়ন্ত লরেন্স রাকসামের সঞ্চালনে মতবিনিময় সভায় অতিথি ছিলেন কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদের (ইইপ) চেয়ারম্যান ইসহাক চৌধুরী, গণমাধ্যমকর্মী খালেদ পারভেজ বখশ, লংলা ডিগ্রি কলেজের প্রভাষক মনজুরুল হক, কুলাউড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক সীমান্তের ডাক-এর সম্পাদক আজিজুল ইসলাম ও আদিবাসী ফোরামের সদস্য ফ্লোরা বাবলী তালাং। স্বাগত বক্তব্য দেন দি এশিয়া ফাউন্ডেশন প্রদীপ প্রকল্প সমন্বয়কারী ও আইপিডিএসের কার্যালয় ব্যবস্থাপক অরিজিৎ খংলা। মূল বক্তব্য উপস্থাপন করেন আইপিডিএসের কর্মসূচি সহায়তাকারী লিসি সুমের। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কুকিজুরী পানপুঞ্জির শিক্ষক প্রবীণ আরেং, সিংগুর পানপুঞ্জির নারী সংগঠন বানইয়া ট্রেই লাংয়ের (ঐক্যবদ্ধভাবে কাজ করা) সদস্য মেলি পতাম, আমছড়ি পানপুঞ্জির মন্ত্রী (পুঞ্জি প্রধান) নুটলি লামিন প্রমুখ। অরিজিৎ খংলা বলেন, বৃহত্তর জনগোষ্ঠীর মূল স্রোতের সঙ্গে আদিবাসীরা এখনো মিলেমিশে এগিয়ে যেতে পারছেন না। তাঁদের এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এ ছাড়া মতবিনিময় সভায় হাতি ও গৃহপালিত পশুর হাত থেকে পুঞ্জিবাসীর জুম ও ঘরবাড়ি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, পুঞ্জিবাসীর চলাচলের অধিকার সংরক্ষণের জন্য মুরইছড়া চা-বাগান ও অন্যান্য চা-বাগানের ফটক নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখা, আদিবাসীদের উন্নয়নের জন্য উপজেলা ও ইউনিয়ন পরিষদে বাজেট বৃদ্ধি, পুঞ্জি ও পুঞ্জিবাসীকে শতভাগ স্যানিটেশনের আওতায় আনার জন্য সরকারি বরাদ্দ প্রদান, পুঞ্জিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য উদ্যোগ নেওয়াসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়েছে।