'সচেতনতা নারী নির্যাতন কমায়'
সচেতনতা সৃষ্টির মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের আইনি অধিকার সুরক্ষা, নারী নির্যাতন বন্ধ ও বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব। চট্টগ্রাম সিটি করপোরেশনের ছয়টি ওয়ার্ডে পরিচালিত এক গবেষণায় এর প্রমাণ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার নগরের চেরাগী মোড়ের সুপ্রভাত স্টুডিও হলে গবেষণা ফলাফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাইট বাংলাদেশ ফোরামের ‘এসো জাগি’ প্রকল্পের আওতায় এ গবেষণা চালানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের চেয়ারম্যান আবুল বাশার মো. আবু নোমান এ গবেষণা করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৩ সালে ‘এসো জাগি’ প্রকল্পের কাজ শুরু করে ব্রাইট বাংলাদেশ ফোরাম। ২০১৭ সালের মার্চ মাসে এর মেয়াদ শেষ হবে। প্রকল্পের আওতায় ছয়টি ওয়ার্ডে সচেতনতা বৈঠক, সভা, কর্মশালা, সেমিনার, আইনি সহায়তাকেন্দ্র স্থাপন ও আইনি তথ্য সহায়তা দেওয়া হয়। ২০১৩ সালে প্রকল্পের শুরুতে প্রকল্প এলাকার ৩১ শতাংশ নারী নিজেদের আইনি অধিকার সম্পর্কে জানতেন, তিন বছর পর এখন সেখানকার ৭৭ শতাংশ নারী এ বিষয়ে জানেন। তেমনি বাল্যবিবাহ ৬৫ থেকে কমে ১১ শতাংশ হয়েছে, নারী নির্যাতন ৮১ থেকে কমে ৩০ শতাংশ হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সিটি করপোরেশনের অন্যান্য ওয়ার্ডে এ কার্যক্রম সরাসরি না থাকায় সচেতনতার ও আইনি সেবা গ্রহণের হারও তুলনামূলক কম।
ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়ার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের চেয়ারম্যান আবুল বাশার মো. আবু নোমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম, আবিদা আজাদ, ফারজানা পারভীন, ব্রাইট বাংলাদেশ ফোরামের উপদেষ্টা রাজ্জাকুল হায়দার খান, উন্নয়ন সংস্থা ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা, ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য নাসরিন সুলতানা খানম, প্রকল্প সমন্বয়কারী সৈয়দ আসাদুল হক প্রমুখ।