'সঠিক চিকিৎসা হলে বাবা আজ পাশে থাকতেন'

‘চিকিৎসায় অবহেলা করে আমার বাবাকে হত্যা করা হয়েছে। সঠিক চিকিৎসা করলে বাবা আজ আমার পাশেই থাকতেন’—এ কথা বলতে বলতে মূর্ছা গেলেন ফারহানা নাসরিন। তিনি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সিরাজুল ইসলামের একমাত্র মেয়ে।
চিকিৎসায় অবহেলার জন্য দায়ী বারডেম হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সিরাজুল ইসলামের পরিবারের সদস্যরা গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে বাবার কথা বলতে বলতেই জ্ঞান হারান ফারহানা। বাবার মৃত্যুর ২৩ দিন আগে মাকে হারান ফারহানা।
চিকিৎসায় অবহেলার জন্য দায়ী চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ফারহানা ও তাঁর ভাই হাসান শাহরিয়ার। ফারহানা বলেন, ‘আমার বাবাকে যারা হত্যা করল, তাদের বিরুদ্ধে মামলা করতে গিয়ে রমনা থানায় রাত একটা পর্যন্ত বসে ছিলাম। কিন্তু পুলিশ মামলা নেয়নি। উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’
১৩ এপ্রিল বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মারা যান। চিকিৎসকদের অবহেলায় তিনি মারা গেছেন বলে পরিবার অভিযোগ তুলেছে। আর তাঁর মৃত্যুর জেরে বারডেম হাসপাতালে তিনজন চিকিৎসককে মারধর করা হয়েছে বলে চিকিৎসকেরা পাল্টা অভিযোগ তোলেন এবং প্রতিবাদে ধর্মঘটও করেন।
সিরাজুল ইসলামের বড় ভাই হারুনুর রশীদ বলেন, ১৩ এপ্রিল রাতে তাঁর ভাইয়ের মৃত্যুর পর হাসপাতালে কোনো ভাঙচুর হয়নি। তাঁর ভাই ভর্তি ছিলেন ১৩ তলায়। বারডেম হাসপাতাল বলেছে, ভাঙচুর হয়েছে পঞ্চম তলায়। হাসপাতালে পুলিশ-র্যাব হাজির ছিল। নিজেদের অপরাধ চাপা দিতে মিথ্যা অভিযোগ করেছেন চিকিৎসকেরা।