'সঠিক পরিকল্পনা থাকলে ঢাকা এমন সুন্দরই হতো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটিতে রাজধানী ছিল অনেকটাই ফাঁকা। যানবাহন ছিল কম, ছিল না কোলাহল। মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো
ঈদের ছুটিতে রাজধানী ছিল অনেকটাই ফাঁকা। যানবাহন ছিল কম, ছিল না কোলাহল। মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

চিরচেনা যানজট, কোলাহল, ধুলা-ধোঁয়া, গাড়ির তীব্র হর্ন কিংবা পথচলতি মানুষের মিছিল—এ সবকিছুই উধাও। কেবল থেকে থেকে এক-দুটি গাড়ির হুস করে চলে যাওয়া কিংবা রিকশার টুংটাং শব্দ আর স্বাভাবিক সময়ের চেয়ে চওড়া মনে হওয়া নিরুপদ্রব রাজপথ। হাতে গোনা কয়েকটি বিনোদনকেন্দ্র ছাড়া এখন এমনই রাজধানীর চিত্র।

ঘুরে বেড়ানোর জন্য নিস্তরঙ্গ এই ঢাকাকেই বেছে নিয়েছেন মিরপুরের ব্যবসায়ী আমজাদ হোসেন। গতকাল বুধবার ঈদের তৃতীয় দিনে আগারগাঁওয়ের বিমান জাদুঘরের কাছে তিনি প্রথম আলোকে বলেন, ‘সারা বছর বেড়ানোর সময় মেলে না বললেই চলে। সময় মিললেও যানজটের কারণে পরিবারের সদস্যদের নিয়ে বের হওয়ার ভরসা পাই না। তাই ঢাকায় ঘুরে বেড়ানোর জন্য দুই ঈদের ছুটির দিনগুলোকেই বেছে নিই।’

শুধু বেড়ানো নয়। এক জায়গায় মিলিত হয়ে দল বেঁধে টানা আড্ডার জন্য ছুটির এই মৌসুমকেই বেছে নিয়েছেন কেউ কেউ। মানিক মিয়া অ্যাভিনিউ-সংলগ্ন টিঅ্যান্ডটি অফিসের সামনেই চোখে পড়ল এমন একটা জটলা। আড্ডার কেউ এসেছেন উত্তরা থেকে, কেউ যাত্রাবাড়ী কিংবা সায়েদাবাদ এলাকা থেকে। উত্তরা থেকে আসা নাইমুল ইসলাম বলেন, ‘এই আড্ডার বন্ধুদের প্রায় সবার বেড়ে ওঠা ইন্দিরা রোডসংলগ্ন এলাকায়। ছোটবেলা থেকেই আমরা এই জায়গাটিতে আড্ডা দিতাম। পরে কাজের প্রয়োজনে অনেকে ঢাকা কিংবা ঢাকার বাইরে ছড়িয়ে পড়েছে। কিন্তু ঈদের ছুটিতে আমরা প্রত্যেকেই চেষ্টা করি এখানে মিলিত হওয়ার জন্য। অন্য সময় উত্তরা থেকে এ পর্যন্ত পৌঁছাতে দুই থেকে আড়াই ঘণ্টা লেগে যেত। আজ আধা ঘণ্টায় চলে এসেছি।’

গতকাল ঈদের তৃতীয় দিনে রাজধানীর অফিস-আদালত, বিপণিবিতানগুলো খুললেও সেখানে স্বাভাবিক উপস্থিতি ছিল না। নগরের প্রধান বাণিজ্যকেন্দ্র মতিঝিলেও ছিল না প্রাণের স্পন্দন। অন্য সময়ে ভিআইপি সড়কগুলোতে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও এখন তা অনেকটা শিথিল। এই সুযোগে নগরজুড়ে রিকশাভ্রমণে বের হতে দেখা যায় অনেককে। এমন এক দম্পতি ধানমন্ডির মাহমুদুর রহমান ও শাকিলা জান্নাত বললেন, ‘রিকশায় ঘুরে বেড়ানোটা আমাদের খুব পছন্দের। এখন থেকে ১০-১৫ বছর আগেও যাতায়াতের জন্য রিকশাই ছিল প্রথম পছন্দ। কিন্তু ঈদের সময়টা ছাড়া এখন আর রিকশায় উঠতে ভরসা পাই না।’

অবশ্য এই ফাঁকা ঢাকায় গণপরিবহনের সংকটে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককে। আবার সুযোগ বুঝে সিএনজিচালিত অটোরিকশা কিংবা বাসের ভাড়াও বাড়িয়ে দিয়েছেন চালকেরা। এমন অভিযোগ অকপটেই স্বীকার করে মিরপুর-সদরঘাট রুটে চলাচলকারী বিহঙ্গ পরিবহনের চালক আক্কাস আলী বলেন, ‘সব দিন তো আর বকশিশ চাই না। ঈদের সময় দুই-এক টাকা বেশি দিলে কী এমন সমস্যা?’

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কথা হলো একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা খালিদ হোসেনের সঙ্গে। প্রতি ঈদে বাড়ি ফেরা হলেও এই ঈদে বিশেষ কারণে ঢাকাতেই থেকে গেছেন তিনি। ঈদে ঢাকার এই পরিবর্তিত রূপ দেখে খানিকটা আক্ষেপও ঝরে পড়ল তাঁর কণ্ঠে। বললেন, ‘রাজধানী তো এমনই হওয়া উচিত। ঠিক এখন যেমন দেখছি। সঠিক পরিকল্পনা আর তার বাস্তবায়ন থাকলে ঢাকা এমন সুন্দরই হতো।’