'সঠিক সময়ে পে-স্কেল বাস্তবায়ন'
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পে-স্কেল বাস্তবায়নে শঙ্কিত না হওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সঠিক সময়ে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, সরকার আর্থিক সচ্ছলতা ও মর্যাদার সঙ্গে জীবন যাপনে সহায়তার লক্ষ্যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন পে-স্কেল দিয়েছে। তাই এটি সঠিক সময়ে বাস্তবায়ন করা হবে। খবর বাসসের।
প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে ভাষণে এসব কথা বলেন। অনুষ্ঠানে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বিশেষ অতিথি ছিলেন। এতে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কৃষি মন্ত্রণালয়ের সচিব এম মোশাররফ হোসেনও বক্তৃতা করেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজের গতি ত্বরান্বিত করতে ‘পাবলিক সার্ভিস অ্যাক্ট, ২০১৫’ মন্ত্রিপরিষদ নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। তিনি আরও বলেন, ‘২০০৯ সালে দায়িত্ব নিয়ে আমরা পদোন্নতির জট খুলে দিয়েছি। আমাদের সময়ে যত পদোন্নতি হয়েছে, এর আগে কোনো সরকারের সময়ে এত পদোন্নতি হয়নি।’