'সঠিকভাবে শনাক্ত হচ্ছে না শিশু যক্ষ্মা রোগী'
যক্ষ্মায় আক্রান্ত শিশু সঠিকভাবে শনাক্ত হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জাতীয় কর্মসূচি কর্মকর্তা ভিকারুন্নেসা বেগম। তিনি বলেছেন, এ কারণে বিরাট সংখ্যক যক্ষ্মায় আক্রান্ত শিশু চিকিৎসার আওতার বাইরে থেকে যাচ্ছে।
গতকাল বুধবার বক্ষব্যাধি চিকিৎসকদের বার্ষিক সাধারণ সভা ও বৈজ্ঞানিক সম্মেলনের চতুর্থ অধিবেশনে ভিকারুন্নেসা বেগম দেশের শিশু যক্ষ্মা পরিস্থিতি বর্ণনা করার সময় এ কথা বলেন। রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই সম্মেলনের আয়োজন করে।
ভিকারুন্নেসা বেগম বলেন, বৈশ্বিকভাবে শনাক্তকৃত যক্ষ্মা রোগীদের ১১ শতাংশ শিশু, এদের বয়স ১৪ বছর বা তার কম। কিন্তু বাংলাদেশে শনাক্তকৃত রোগীদের মাত্র ৪ দশমিক ২ শতাংশ শিশু। তিনি বলেন, একাধিক কারণে কমসংখ্যক শিশুর তথ্য পাওয়া যাচ্ছে। প্রথমত, বর্তমান শনাক্তকরণ প্রক্রিয়ায় যক্ষ্মায় আক্রান্ত শিশুদের শনাক্ত করা যাচ্ছে না। কারণ, শিশুদের যক্ষ্মা শনাক্তকরণ প্রক্রিয়া একটু কঠিন। দ্বিতীয়ত, অনেক চিকিৎসক শনাক্ত করার পর তা কারও নজরে আনছেন না, নিজের মতো করে চিকিৎসা দিচ্ছেন। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সঙ্গে চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারের যোগসূত্রের দুর্বলতার কারণে চেম্বারের তথ্য সরকারের কাছে আসে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই কর্মকর্তা আরও বলেন, শিশু যক্ষ্মা চিকিৎসা নির্দেশিকা হালনাগাদ করা হয়েছে। এই নির্দেশিকা কাজে লাগানোর জন্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ জোরদার করা দরকার।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে।