‘সততা চুক্তি’ রূপরেখা প্রস্তাবে সাড়া দেয়নি যোগাযোগ মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণ-প্রক্রিয়ায় দুর্নীতির আশঙ্কা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে একটি ‘সততা চুক্তি’র রূপরেখা প্রস্তাব করলেও প্রায় দুই বছরেও মন্ত্রণালয় তাতে সাড়া দেয়নি। ২০০৯ সালের জুলাইয়ে ওই রূপরেখা প্রস্তাব করা হয়। গত সোমবার টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত রোববার এক সংবাদ ব্রিফিংয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, তাঁর মন্ত্রণালয়ের যাবতীয় উন্নয়ন-সংক্রান্ত সিদ্ধান্ত টিআইবির কার্যালয়ে পাঠানো হয়ে থাকে এবং স্বচ্ছতার স্বার্থেই তিনি এটি করে থাকেন। এ ব্যাপারে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘যোগাযোগ মন্ত্রণালয়ের টেন্ডার-সংক্রান্ত কয়েকটি দলিল টিআইবির কাছে ঠিকই পাঠানো হয়েছে। তবে তার ভিত্তিতে পদ্মা সেতু নির্মাণের টেন্ডার-প্রক্রিয়া কিংবা যোগাযোগ মন্ত্রণালয়ের কার্যক্রমের স্বচ্ছতার মূল্যায়ন করা সম্ভব নয়। এরূপ মূল্যায়ন বা সংশ্লিষ্ট প্রক্রিয়ায় স্বচ্ছতার বিষয়ে কোনো প্রকার মন্তব্য করার জন্য যে ধরনের অনুসন্ধান ও সম্পৃক্ততার প্রয়োজন, সে সুযোগ টিআইবির হাতে নেই।’টিআইবি বলেছে, তাদের পক্ষ থেকে যোগাযোগ মন্ত্রণালয়কে করা ‘সততা চুক্তি’র রূপরেখা প্রস্তাবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দরপত্রে অংশগ্রহণকারীদের (স্টেকহোল্ডার) সম্পৃক্ত করে এরূপ চুক্তি প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা করার প্রস্তাব করা হয়েছিল। যোগাযোগমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাতেও আলোচনা হয়েছে। তবে টিআইবি যোগাযোগ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কোনো সাড়া পায়নি।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০০৯ সালের ২২ মার্চ সড়ক যোগাযোগ খাতে দুর্নীতির বিষয়ে টিআইবির গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে যোগাযোগমন্ত্রী প্রতিবেদনে চিহ্নিত সমস্যা ও তার উত্তরণে টিআইবির সুপারিশের সঙ্গে মতৈক্য প্রকাশ করেছিলেন। তিনি সুপারিশ বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন। তবে এ বিষয়েও সুস্পষ্ট কোনো পদক্ষেপ গৃহীত হয়েছে কি না, তা টিআইবির গোচরীভূত নয়।