আজ শুক্রবার রাজধানীতে বিরোধী দলের সমাবেশের পরিপ্রেক্ষিতে পাল্টা সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে তারা জুমার নামাজের পর রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ‘সতর্ক’ অবস্থান নেবে। প্রয়োজন হলে রাজপথে নেমে যাতে বিরোধী দলকে মোকাবিলা করা যায়, সে প্রস্তুতি রাখারও নির্দেশ রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান করতে এবং জুমার সময় দল বেঁধে মসজিদে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বিরোধী দলকে ঠেকাতে আজ রাজধানীর ‘পাড়া-মহল্লায় যার যা কিছু আছে তা-ই নিয়ে প্রতিরোধ’ গড়ে তোলার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনার এলাকায় অপরিচিত ও সন্দেহভাজন কাউকে দেখলে উত্তম-মধ্যম দিয়ে প্রশাসনের হাতে তুলে দেবেন।’ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ নির্দেশনা দেন।
এদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগ রাজধানীতে ১২টি তদারকি দল গঠন করেছে। সাংগঠনিক কার্যক্রমের জন্য এই দল গঠন করলেও মূল উদ্দেশ্য বিরোধী দলের আন্দোলন কর্মসূচি মোকাবিলা করা। কমিটিগুলো মহানগরের ২৭টি সাংগঠনিক থানা, ১৭টি ইউনিয়ন ও ১০০টি ওয়ার্ডের কার্যক্রম তদারক করবে।
গতকাল রাতে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগসহ সহযোগী সংগঠনের নেতারা সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে দেখা করেছেন। ছাত্রলীগের নেতারা জানান, তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের অবস্থান ধরে রাখবেন।
আওয়ামী লীগের দুজন সাংগঠনিক সম্পাদক প্রথম আলোকে বলেন, সরকারি দল মাঠে থাকবে। তবে আগ বাড়িয়ে সংঘাতে যাবে না। বিএনপি সংঘাত করলে প্রশাসনিক ও দলীয়ভাবে তা মোকাবিলা করা হবে। এর আগে ঢাকা মহানগর আওয়ামী লীগ যে পাল্টা সমাবেশ করার ঘোষণা দিয়েছিল, তারা করা হবে না।
তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগের নেতারা মুখে যতই শক্ত বলুক না কেন, ঢাকার বাইরে বিরোধী দলের প্রস্তুতির নানা খবর পেয়ে কিছু নমনীয় হয়েছে। বিশেষ করে ঢাকায় সমাবেশ করতে না পারলে রোববার থেকে বিরোধী দলের টানা কর্মসূচি ও ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলার পরিকল্পনার কথা জেনে সরকার নমনীয় ও কৌশলী হয়েছে। কারণ, ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সমাগম ও প্রস্তুতি থাকলেও, বাইরের জেলাগুলোতে সে অবস্থা নেই। এসব কারণে শেষ মুহূর্তে সমাবেশের অনুমতি দিয়েছে। সরকারের নীতিনির্ধারকেরা মনে করছেন, শেষ মুহূর্তে অনুমতি পাওয়ার পর বিরোধী দল একটা মনস্তাত্ত্বিক চাপে পড়বে। কারণ, লোকসমাগম করার প্রস্তুতির জন্য সময় পাবে না, আবার সমাবেশের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে টানা কর্মসূচি দেওয়ার অজুহাত হাতছাড়া হবে। এতে জনমনে সৃষ্ট উৎকণ্ঠাও কমে আসবে। একই সঙ্গে বিরোধীদলীয় নেতাকে আলোচনার জন্য প্রধানমন্ত্রী টেলিফোন করার সিদ্ধান্তের কথা প্রকাশ করে বিএনপিকে কিছু ধাঁধার মধ্যেও রাখতে চায় আওয়ামী লীগ। এ কারণে ঢাকায় আজ সমাবেশ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে দলটি। চট্টগ্রামে সমাবেশের স্থান নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতা করেছে।
অবশ্য মোফাজ্জল হোসেন চৌধুরী দাবি করেন, তাঁরা পুলিশের অনুমতি পাননি, তাই সমাবেশ করবেন না। তবে জনগণের জানমাল রক্ষায় রাজধানীর বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীরা অবস্থান নেবেন।
তবে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ ঢাকায় কোনো সমাবেশের জন্য অনুমতি চায়নি। চাইলে পরিস্থিতির প্রেক্ষাপটে তা বিবেচনা করা হবে।
বর্ধিত সভা: বিরোধী দলের সমাবেশের পরিপ্রেক্ষিতে গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ বর্ধিত সভা করে। সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আজ বিরোধী দল সমাবেশের নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আওয়ামী লীগ তা শক্ত হাতে প্রতিহত করবে।
দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, জামায়াত-শিবির বিভিন্ন জায়গায় নাশকতা করতে পারে বলে তাঁদের কাছে খবর আছে। ঢাকার আশপাশের মসজিদের তারা অবস্থান নিচ্ছে। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আজ জুমার নামাজে মসজিদে মসজিদে যেতে হবে। জুমার পর দেশকে যেন তারা রক্তাক্ত আফগানিস্তানে পরিণত করতে না পারে, সে জন্য সতর্ক থাকতে হবে।
কুষ্টিয়ায় দুই পক্ষে সংঘর্ষ
কুষ্টিয়া অফিস
কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সাতজনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপি-সর্মথিত শামসুদ্দিনের সঙ্গে ও আওয়ামী লীগ-সমর্থিত জালাল উদ্দিনের বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত এবং ২০-২৫টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।