‘সত্য কখনো চাপা থাকে না’
সিলেটের জকিগঞ্জের এওলাশার গ্রামের মহিউদ্দিন চৌধুরী (৩৫) নিখোঁজ হন প্রায় ১০ মাস আগে। সন্ধান না পেয়ে অপহরণের অভিযোগে মামলা করেছিলেন তাঁর বড় ভাই। পরে ওই মামলা রূপান্তর করা হয় হত্যা মামলায়। এ মামলায় এক আসামি জেলও খেটেছেন। কিন্তু গত বৃহস্পতিবার জীবিত অবস্থায় উদ্ধার করা করা হয়েছে মহিউদ্দিনকে। আদালতের মাধ্যমে তাঁকে পাঠানো হয়েছে নিরাপত্তা হেফাজতে।ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, মহিউদ্দিন চৌধুরী গত বছরের ২৬ ডিসেম্বর নিখোঁজ হন। এরপর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বড় ভাই শফিকউদ্দিন চৌধুরী। পরবর্তী সময়ে মহিউদ্দিনকে অপহরণ করা হয়েছে বলে শফিকউদ্দিন জকিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন। পুলিশ তদন্ত করে সত্যতা না পাওয়ায় মামলা হিসেবে লিপিবদ্ধ করেনি। শফিকউদ্দিন পরে আদালতে মামলা করেন।আদালতের নির্দেশে গত ২ এপ্রিল জকিগঞ্জ থানায় মামলাটি লিপিবদ্ধ হয়। মামলায় একই গ্রামের জহির আহমদ চৌধুরীসহ সাতজনকে আসামি করা হয়। পুলিশ মামলার প্রধান আসামি জহির আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। প্রায় চার মাস কারাভোগ করে তিনি জামিনে মুক্তি পান।এর মধ্যে পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা না পাওয়ায় আদালতে মামলা নিষ্পত্তির জন্য চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। মামলার বাদী তখন পুলিশের প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিলে আদালত তাঁর আবেদন নামঞ্জুর করেন। পরে বাদী জেলা জজ আদালতে দরখাস্ত (মোশন) দাখিল করেন। বর্তমানে মামলাটি জেলা জজ আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে।পুলিশ সূত্র আরও জানায়, এ অবস্থায় ২৬ অক্টোবর জকিগঞ্জের পাশের উপজেলা বিয়ানীবাজারের নালবহর গ্রামের মসজিদের ইমাম মহিউদ্দিনকে ওই গ্রামে ঘোরাফেরা করতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানান এবং মামলার বাদী ও আসামিপক্ষকে খ বর দেন। এরপর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিনকে তাঁর হেফাজতে রাখেন।ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন জানান, তিন দিন পর মহিউদ্দিনের আত্মীয়স্বজন তাঁকে শনাক্ত করে। পরে গত শনিবার তিনি মহিউদ্দিনকে জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন কুমার দেবনাথ জানান, মহিউদ্দিনকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। নিজ থেকেই হয়তো এলাকাছাড়া হয়েছিলেন। উদ্ধার করার পর এক দিন থানা হেফাজতে রেখে গতকাল রোববার আদালতের মাধ্যমে তাঁকে নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার আসামি জহির আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শত্রুতাবশত ওই মামলা করা হয়েছিল। আমি চার মাস জেলও খেটেছি। কিন্তু সত্য কখনো চাপা থাকে না।’মামলার বাদী শফিকউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইকে অপহরণ করা হয়েছিল, এটা সত্য। পরে একটি বেওয়ারিশ লাশ উদ্ধার করার পর কাপড়চোপড় দেখে আমাদের ধারণা হয়েছিল যে এটি আমার ভাইয়ের লাশ হতে পারে। এ ধারণায় অপহরণ মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছিল। এখন যেহেতু ভাইকে পেয়ে গেছি, তাই মামলাটি নিষ্পত্তির উদ্যোগ নেব।’