‘তিনি সদা সত্য কথা বলতেন। যত সমস্যাই হোক, সত্য বলতে ভয় পেতেন না।’ বিশিষ্ট শিল্পপতি ও স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর স্মরণসভায় তাঁর ঘনিষ্ঠ বন্ধু ডেনিস দিলীপ দত্ত এ কথা বলেন। গতকাল শনিবার পাবনা সদর উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামে স্যামসন এইচ চৌধুরীর সমাধিস্থলে স্মরণসভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় তাঁর স্ত্রী অনিতা চৌধুরী ও বড় ছেলে স্বপন চৌধুরীসহ পরিবারের সদস্যরা সমাধিস্থলে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। পরে সমবেতভাবে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনা পরিচালনা করেন লিয়র পি সরকার ও স্যামুয়েল আশীষ বিশ্বাস। সঞ্চৃতিচারণা করে বক্তৃতা করেন স্যামসন এইচ চৌধুরীর বন্ধু ডেনিস দিলীপ দত্ত ও ডেভিড প্রণব দাস। অনুষ্ঠানে শাস্ত্র পাঠ করেন স্যামসন এইচ চৌধুরীর নাতনি সাঞ্চিয়া চৌধুরী। পরে পরিবারের পক্ষে অনিতা চৌধুরী ও মেজো ছেলে তপন চৌধুরী উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।