'সত্য বললে এলাকায় থাকা যাবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পৌরসভার নির্বাচন কেমন হবে?’ জানতে চাইলে এদিক-ওদিক তাকালেন রিকশাচালক আবুল কালাম। তারপর অনেকটা ফিসফিস করে জানালেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে তাঁর সংশয়ের কথা।
আবুল কালাম ফেনীর দাগনভূঞা পৌরসভার ভোটার। গতকাল মঙ্গলবার কথা হচ্ছিল তাঁর সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, পৌরসভার ছয়জন কাউন্সিলর ও তিনজন নারী কাউন্সিলর ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। তখন অনেক প্রার্থীকে ভয়ভীতি দেখানো হয়েছে বলে শোনা গেছে। এখনো কিছুসংখ্যক লোক প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাচ্ছেন। কিন্তু প্রকাশ্যে কেউ কিছু বলছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্ষুদ্র ব্যবসায়ী, একজন কলেজছাত্র ও একজন যুবক অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে সংশয় প্রকাশ করেন। তাঁরা বলেন, সব সত্য বলা যাবে না। সব সত্য বললে এলাকায় থাকা যাবে না। সবাই মুখে গণতন্ত্রের কথা বললেও নিজের বেলায় তা মানেন না।
৮ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি বলেন, তিনি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু চাপের মুখে তিনি প্রার্থী হতে পারেননি।
নাম প্রকাশ না করার শর্তে ৩ নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী ও তাঁর সমর্থক ভোটারদের কেন্দ্রে না যেতে হুমকি-ধমকি দিচ্ছেন।
তবে ভোটার ও প্রার্থীদের এসব আশঙ্কা নাকচ করে দিয়ে পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানম অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যয় ব্যক্ত করেন।