‘সত্য রঞ্জনকে জোর করে নির্বাচনে সাকা চৌধুরীর প্রস্তাবক করা হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী প্রফুল্ল রঞ্জন সিংহ জেরায় বলেছেন, তাঁর বড় ভাই সত্য রঞ্জন সিংহকে জোর করে নির্বাচনে সাকা চৌধুরীর প্রস্তাবক করা হয়েছিল।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল বৃহস্পতিবার নূতন চন্দ্র সিংহের ছোট ছেলে প্রফুল্লর জবানবন্দি শেষে তাঁকে জেরা শুরু করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। শুরুতে আহসানুল বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী এরশাদ সরকারের স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মাদকের (নারকোটিক্স) লাইসেন্স বাতিল করা হয়। তবে প্রফুল্ল বলেন, এটা সত্য নয়। মৃতসঞ্জীবনী সুরা তৈরি কবে বন্ধ হয়—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তাঁর মনে নেই। আহসানুল প্রশ্ন করেন, একাত্তরের এপ্রিলে রামগড়ে অধ্যাপক আনিসুজ্জামানের সঙ্গে তাঁর (প্রফুল্ল) দেখা হওয়ার কথা তিনি তদন্ত কর্মকর্তাকে বলেছেন কি না? সাক্ষী বলেন, এটা তাঁর মনে নেই। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কুণ্ডেশ্বরীতে গিয়েছেন এবং কুণ্ডেশ্বরী স্কুল ও কলেজে প্রচুর অনুদান দিয়েছেন—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, জিয়াউর রহমান কুণ্ডেশ্বরী গিয়েছিলেন। তিনি স্কুল ও কলেজে ২২ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেন। পরের কয়েকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদও কলেজের জীববিজ্ঞান বিভাগের জন্য অনুদান দিয়েছিলেন। আওয়ামী লীগ সরকার অতীতে ও বর্তমানে কুণ্ডেশ্বরী স্কুল-কলেজে কোনো অনুদান দেয়নি। তাঁদের পক্ষ থেকেও চাওয়া হয়নি।জেরার একপর্যায়ে প্রফুল্ল বলেন, চলতি বছরের ২৬ মার্চ তাঁর বাবাকে (নূতন চন্দ্র সিংহ) স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। এই স্বাধীনতা পদক ও দুই লাখ টাকা তিনি গ্রহণ করেন। এই টাকা তিনি কলেজে দান করেছেন। এ সময় আহসানুল বলেন, তিনি যেন এই মামলায় সাক্ষ্য দেন, এ জন্য নূতন চন্দ্রকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। প্রফুল্ল বলেন, এটা সত্য নয়।কুণ্ডেশ্বরী-সম্পর্কিত কয়েকটি প্রশ্নের জবাবে প্রফুল্ল বলেন, কুণ্ডেশ্বরী কোনো জায়গার নাম নয়, এটি একটি কমপ্লেক্স। দেবী জগধাত্রীর নাম অনুসারে এই নাম রাখা হয়। ১৯৪৬ সালে পূর্ব গহিরা গ্রামে এই কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়। এ সময় আহসানুল বলেন, নূতন চন্দ্র রিক্তহস্তে বার্মা থেকে এসেছিলেন। প্রফুল্ল বলেন, এটা সত্য নয়। তিনি খুব বেশি টাকা না আনলেও কিছু এনেছিলেন। বঙ্গবন্ধু কত তারিখে তাঁদের বাড়ি গিয়েছিলেন—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, তারিখ মনে নেই। পরের কয়েকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধু যখন তাঁদের বাড়িতে গিয়েছিলেন, তখন তিনি এত নামকরা হননি। বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর ছবি আছে, তবে সেটা তাঁদের বাড়িতে তোলা নয়।আহসানুল মত দেন, বঙ্গবন্ধু কোনো দিন সাক্ষীদের বাড়িতে যাননি। মামলার গুরুত্ব বাড়ানোর জন্য তিনি তাঁদের বাড়িতে বঙ্গবন্ধুর যাওয়ার কথা বলেছেন। তবে প্রফুল্ল বলেন, এটা সত্য নয়। এরপর আহসানুল মত দেন, নির্বাচনের আগের দিন ফজলুল কাদের চৌধুরীর সাক্ষীর বাড়িতে তিনবার যাওয়ার কথা সত্য নয়। প্রফুল্ল এর বিরোধিতা করেন।জেরার একপর্যায়ে প্রফুল্ল বলেন, কিউসি ফাউন্ডেশনের (এর চেয়ারম্যান সাকা চৌধুরী) অধীনে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় যেমন: আনোয়ারার গহিরা, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া ও রাঙামাটিতে ১৮টি স্কুল-কলেজ আছে। তাঁর জানামতে, এসব প্রতিষ্ঠান ১৯৮০ সালের পর হয়েছে।আহসানুল মত দেন, কুণ্ডেশ্বরী ঔষধালয় প্রফুল্ল একাই ভোগ করেন, একাই দেখাশোনা করেন। বৌদি নমিতা সিংহকে (সত্য রঞ্জনের স্ত্রী) নামেমাত্র চেয়ারম্যান রেখেছেন। প্রফুল্ল বলেন, এটা সত্য নয়।প্রফুল্লকে জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ২৪ জুন পর্যন্ত মুলতবি করা হয়।