'সত্য সাঁই অ্যাওয়ার্ড' নৌকা স্কুল পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌকা স্কুলের স্থপতি মোহাম্মদ রেজোয়ান ‘শ্রী সত্য সাঁই অ্যাওয়ার্ড ফর হিউম্যান এক্সেলেন্স ২০১৬’ পেয়েছেন। দুর্গম গ্রামীণ সমাজে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
শ্রী সত্য সাঁই লোক সেবা ট্রাস্ট গত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোহাম্মদ রেজোয়ানের এই পুরস্কারপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৩ ডিসেম্বর ভারতের বেঙ্গালুরুতে সত্য সাঁই গ্রামা মুদ্দেনহালীতে এক অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। শিক্ষাসহ ছয়টি বিভাগে সাতজনকে পুরস্কৃত করা হয়েছে।
এ সম্পর্কে মোহাম্মদ রেজোয়ান গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দরিদ্র, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের জীবনের মান উন্নয়নে চেষ্টা করে যাচ্ছি। এই কাজের স্বীকৃতি পাওয়ায় আমি আনন্দিত।’
অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিধুলাই স্ব-নির্ভর সংস্থা’ বন্যাপ্রবণ এলাকায় শিশুদের শিক্ষাসুবিধা নিশ্চিতকরণে কাজ করছে।
নৌকা স্কুল নিয়ে ২০০৬ সালে ৬ নভেম্বর প্রথম আলোয় ‘স্কুল আসে নৌকায় করে’ শিরোনামে খবর প্রকাশিত হয়।