সত্যেন্দ্রনাথ বোসের (এস এন বোস) শিক্ষাজীবন শুরু হয় কলকাতায়। কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সময় যেসব গবেষণাকাজ করেছেন, তা দিয়েই সারা বিশ্বের কাছে পরিচিত করে তুলেছেন এই বিশ্ববিদ্যালয়কে। তিনি বাংলাদেশকে ইউরোপের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক সত্যেন্দ্রনাথ বোসের ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বোস লেকচারে’ বিভাগের সাবেক অধ্যাপক মুহাম্মদ ইব্রাহীম এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বোস সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ন্যাচারাল সায়েন্সেসের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে লেকচারটি হয়।
মুহাম্মদ ইব্রাহীম বলেন, সত্যেন বোস মূলত গণিতে পড়াশোনা করেছেন। কিন্তু পদার্থবিজ্ঞান ছিল তাঁর নেশা। তাঁর পিএইচডি ডিগ্রি না থাকলেও তাঁর অধীনে বহু শিক্ষার্থী পিএইচডি করেছেন। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও সারাজীবন তিনি বাংলায় বিজ্ঞানচর্চা অব্যাহত রেখেছেন।
বোস সেন্টারের পরিচালক অধ্যাপক শামীমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুল আজিজ অতিথি ছিলেন। পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আরশাদ মোমেন ও বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক জিয়াউদ্দিন আহমদ আলোচনা করেন।