মানবতাবিরোধী অপরাধে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির দণ্ড কার্যকর হওয়ায় চট্টগ্রামের বিশিষ্ট নাগরিক ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেছেন, সত্যের জয় হয়েছে।
অনুপম সেন, উপাচার্য, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়: সাকা ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে ইতিহাসের কাছে আমাদের যে দায়বদ্ধতা ছিল, তার কিছুটা লাঘব হয়েছে। বাংলা ভাষাভাষী বাঙালির হাজার বছরের ইতিহাসে বাঙালি জনগণের প্রথম রাষ্ট্র ১৯৭১-এ আমরা অর্জন করি। বঙ্গবন্ধু এই রাষ্ট্র অর্জনের প্রধান কান্ডারি ছিলেন। মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, নিজামীরা স্বাধীনতাযুদ্ধে গণহত্যায় নেতৃত্ব দিয়েছিল। ফাঁসি কার্যকর করার বিরাট সাহসী কাজের জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা।
প্রফুল্ল রঞ্জন সিংহ: বঙ্গবন্ধু না থাকায় এই বিচারকাজ বন্ধ হয়ে গিয়েছিল। তাঁর কন্যা এই বিচারকাজ শুরু করেছেন। এখন রায় কার্যকর হয়েছে, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা। ৪৪ বছর ধরে মনের মধ্যে যে ক্ষত, ক্ষোভ, আবেগ ও হতাশা কাজ করছে। রায় কার্যকর হওয়ায় আমরা আনন্দিত। সত্যের জয় হয়েছে। ন্যায়ের জয় হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় কার্যকরের পর রাউজান একটি বিরাট অশুভ শক্তি থেকে মুক্ত হয়েছে। শুধু রাউজান নয়, পুরো বাংলাদেশ মুক্ত হয়েছে।
ম. সলিমউল্লাহ: মুক্তিযুদ্ধে সাকা চৌধুরীর টর্চার সেল গুডস হিলে নির্যাতিত ব্যক্তিদের একজন আমি। আমার বয়স এখন ৭২ বছর। এই বয়সে কখনো কল্পনাও করতে পারিনি সাকা চৌধুরীর বিচার দেখে যেতে পারব। তার ফাঁসি দেখে যেতে পারব। কিন্তু সেটি বাস্তবে হয়েছে। এখন এটাই মনে হচ্ছে, কোনো অন্যায়-অত্যাচার বিচার ছাড়া থাকে না। একাত্তরের নির্যাতনকেন্দ্র সাকা চৌধুরীর বাসভবন গুডস হিলকে ‘মুক্তিযুদ্ধের জাদুঘর’ নির্মাণের জন্য সরকারের প্রতি আমার অনুরোধ। শিক্ষার্থীরা সেখানে ঘুরতে যেতে পারবে। তারা বুঝতে পারবে, স্বাধীনতার জন্য জাতিকে কী মূল্য দিতে হয়েছে।
শেখ মোহাম্মদ জাহাঙ্গীর: ৪৪ বছর ধরে আমার বাবা শেখ মোজাফফর আহমদ ও মেজো ভাই শেখ মোহাম্মদ আলমগীরের অভাব বোধ করে আসছিলাম। ১৯৭১ সালের ১৭ এপ্রিল সাকা চৌধুরী হাটহাজারী সদরে আমার বাবা ও ভাইকে ধরে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দেন। কারণ আমার বাবা ছিলেন বৃহত্তর চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। সাকা চৌধুরী উপস্থিত পাকিস্তানি সেনা ক্যাপ্টেন হাফিজকে বলেছিলেন যে আমার বাবা ২৫ মার্চ লালদীঘি মাঠে স্বেচ্ছাসেবক বাহিনীর কুচকাওয়াজে সালাম নিয়েছিলেন। ক্যাপ্টেন হাফিজ এ কথা শুনে আমার বাবা ও ভাইকে ওদের সেনাঘাঁটিতে নিয়ে যান। সঙ্গে সাকা চৌধুরীও ছিলেন। বাবা ও ভাইকে কোথায় নিয়ে হত্যা করেছেন তার কোনো সন্ধান পাইনি। আমার বাবা ও ভাইয়ের কবর কোথায়, সেটা আমরা জানি না। সেই ক্ষত সাড়ে ৪৪ বছর ধরে বয়ে বেড়াচ্ছিলাম আমরা। এই শোকে আমার মা অন্ধ হয়ে মারা গেছেন। বাবা ও ভাইয়ের হত্যার বিচার পেয়েছি আজ। প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ।
শরীফ চৌহান, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক: মুজাহিদ ও সাকাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যমে জাতি কলঙ্কমুক্তির পথে এগোচ্ছে। সাকা চৌধুরী সারা জীবন যে দাম্ভিকতা ও আদর্শ লালন করতেন, প্রাণভিক্ষার মাধ্যমে তাঁর সেই আদর্শের পরাজয় ঘটেছে। একই সঙ্গে দুজন যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে বাঙালি জাতির মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।