'সন্তান ছাড়া কীভাবে বাঁচব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ছেলে, এক মেয়েকে ঘিরেই ছিল তাঁদের সব স্বপ্ন। ছেলে-মেয়ের ভবিষ্যতের কথা ভেবে কষ্ট হলেও পরিবার নিয়ে ঢাকায় থাকতেন আবদুর রহিম-হাসি বেগম দম্পতি। তাদের লেখাপড়ার খরচ জোগাতে চাকরির পাশাপাশি ছোটখাটো ব্যবসাও করতেন রহিম। ইফা, মিরাজ, ইব্রাহিম—এই তিন সন্তানই ছিল তাঁদের ভবিষ্যৎ। কে জানত, ঈদের আনন্দ ফুরিয়ে যাওয়ার আগেই এমন বিষাদ নেমে আসবে তাঁদের জীবনে! পদ্মায় লঞ্চডুবিতে একসঙ্গে তিন সন্তানকে হারিয়ে এই দম্পতি এখন পাগলপ্রায়।
মাওয়ায় পদ্মা নদীতে পিনাক-৬ লঞ্চডুবিতে এই তিন শিশুসহ মারা গেছে অন্তত ৩৫ শিশু। এর মধ্যে ১৪টি লাশ পাওয়া গেলেও বাকি ২১ শিশুর খোঁজ মেলেনি। মুন্সিগঞ্জের মাওয়াঘাটে স্থাপিত পুলিশের তথ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, নিখোঁজ ৬১ জনের (গতকাল বৃহস্পতিবার পর্যন্ত) মধ্যে ২৪ জন নারী ও ২১টি শিশু।
বেঁচে যাওয়া যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ণবয়স্ক ও সক্ষম মানুষদের অনেকেই সাঁতরে জীবন বাঁচাতে পেরেছেন। নারী ও শিশুরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। ফলে নিখোঁজের তালিকায় নারী ও শিশুর সংখ্যাই বেশি।
শিবচরে গত বুধবার কথা হয় আবদুর রহিমের সঙ্গে। তিনি বলেন, ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। ঈদের ছুটিতে পরিবার নিয়ে শিবচরে গ্রামের বাড়ি যান তিনি। কাজ থাকায় আগেই তিনি ঢাকায় ফেরেন। স্ত্রী ও ছেলেমেয়েদের সোমবার (লঞ্চডুবির দিন) ঢাকায় ফেরার কথা ছিল। তিনি বলেন, তাঁর স্ত্রী ভাগ্যগুণে বেঁচে গেলেও মারা গেছে তিন সন্তান। এর মধ্যে মেয়ে ইফা ও ছেলে ইব্রাহিমের লাশ পেলেও মিরাজের লাশ এখনো পাননি।
হাসি বেগম বলেন, ইফা অষ্টম ও মিরাজ তৃতীয় শ্রেণিতে পড়ত। ইব্রাহিমের বয়স দেড় বছর। তিনি বলেন, সন্তানদের নিয়ে লঞ্চে একসঙ্গে বসলেও পদ্মার স্রোত কাকে কোথায় ভাসিয়ে নিয়ে গেছে, তা বুঝতে পারেননি। তাঁকে কীভাবে উদ্ধার করা হয়েছে, তাও বলতে পারেননি তিনি।
কথা বলার সময়ও কাঁদছিলেন হাসি বেগম। তিনি বলেন, ‘সন্তান ছাড়া কীভাবে বাঁচব...।’ তিনি বলেন, তাঁর মতো আর কেউ যাতে এভাবে সন্তানহারা না হয়।
ডুবে যাওয়া লঞ্চের যাত্রী ছিলেন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী সৈয়দ মোহাম্মদ সাদী। তাঁর বাড়ি ফরিদপুরের সালথায়। স্ত্রী ও দুই পুত্রকে হারিয়ে তিনি পাগলপ্রায়। সাদী বলেন, স্ত্রী শেফালী, ছেলে আরাফ (৮), এনামকে (৪) নিয়ে ঢাকায় ফিরছিলেন। স্ত্রীসহ তাঁর দুই সন্তানই মারা গেছে। আরাফের লাশ এখনো পাননি।
সাদী তবু নিজে প্রাণে বেঁচেছেন। আর শিবচরের পাঁচ্চর ইউনিয়নের একটি পুরো পরিবারই নিঃশেষ হয়ে গেছে। পদ্মায় চিরতরে হারিয়ে গেছেন মিজানুর রহমান, তাঁর স্ত্রী রোকসানা, আড়াই বছরের ছেলে মহিন ও নয় বছরের মেয়ে মীম। মিজানুরের ভাই মোহাম্মদ কোহিনূর বলেন, ভাতিজি মীমের লাশ এখনো পাননি তাঁরা।
নিহত যেসব শিশুর পরিচয় শনাক্ত করা গেছে তারা হলো: মাদারীপুরের আবদুর রহিমের দেড় বছরের ছেলে ইব্রাহিম ও মেয়ে ইফা (১৪), শিবচরের তারামিয়া শেখের ছেলে নুরে আলম, মিজানুর রহমানের ছেলে মহিন (২), গোপালগঞ্জের এমদাদ শেখের মেয়ে মেরি (৫), ফরিদপুরের মোহাম্মদ সাদীর ছেলে এনাম (৪), বরিশালের মোহাম্মদ শহিদুলের ছেলে জাহিদ হাসান (১৫) ও গাজীপুরের ইব্রাহিম মুন্সীর মেয়ে মিম আক্তার (১৪)।
এ ছাড়া ১৪ বছরের দুটি ও আট বছরের একটি ছেলে এবং ১০ বছরের একটি ও আট বছরের দুটি মেয়ের লাশ উদ্ধার করা হলেও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা রেখে লাশ শিবচর পৌর কবরস্থানে দাফন করা হয়।
নিখোঁজের সরকারি তালিকায় ২১ শিশুর নাম রয়েছে। এর মধ্যে শিবচরেরই ছয়টি শিশু। এরা হলো: মিজানুর রহমানের মেয়ে মিলি (৭), আলী মিয়ার মেয়ে রাবিয়া (৮), রহিম মাতবরের ছেলে মিরাজ (৮), সিদ্দিক ঘরামির মেয়ে সাদিয়া (৯), নুরুল হকের মেয়ে ফাতেমা আক্তার (১৬) ও ফরহাদের মেয়ে ফাহিমা (১)। ফরিদপুরের সোবহান মাতবরের ছেলে ইভান মাতবর, রুবেলের মেয়ে ফাতিহা (৪), মোহাম্মদ সাদীর ছেলে আরাফ (৮), আজিজুল ইসলামের সাত মাসের ছেলে আরজু ও নাসির শেখের ছেলে আবদুল্লাহর (৩) লাশ পাওয়া যায়নি।
গোপালগঞ্জের মোহাম্মদ মিলনের মেয়ে মেঘলা (৬), ইমদাদের ছেলে হানিফ (২), বরিশালের সবুজ কাজীর ছেলে তৌহিদ (২), নারায়ণগঞ্জের মোহাম্মদ রিপনের ছয় মাসের মেয়ে জান্নাত, শহিদুল ইসলামের মেয়ে সারা (৮), জব্বারের মেয়ে তানজিমা বেগম (১৩), ঢাকার মতিউর রহমানের মেয়ে আফরোজা (১৭), কক্সবাজারের আবুল কালামের মেয়ে উম্মেজান (১২) ও পঞ্চগড়ের মোহাম্মদ মিলনের মেয়ে রিয়া (৭) নিখোঁজ। অন্য একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
লঞ্চডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান নৌ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূর-উর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা মাওয়া, কাওড়াকান্দি ও কাঁঠালবাড়িতে গিয়ে বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্য নিয়েছি। সেখানে আমরা কয়েকটি পরিবার পেয়েছি, যাদের শিশুসন্তান লঞ্চডুবিতে মারা গেছে। আমরা বস্তুনিষ্ঠ একটি প্রতিবেদন দেব, যাতে ভবিষ্যতে এমন প্রাণহানি আর না ঘটে।’