'সন্তানকে সৎ থাকার শিক্ষা দিতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদ মোমবাতি জ্বালিয়ে ও কালো ব্যাজ ধারণ করে রাজধানীর গুলশানের হলি আর্টিজানসহ দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শোক প্রকাশ করেছে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এ শোক জানানো হয়।

সভায় সংগঠনের সভাপতি আয়শা খানম বলেন, গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলা এবং শোলাকিয়ায় বোমা হামলায় নারীসমাজ মর্মাহত, শোকাহত।

নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে আয়শা খানম বলেন, ‘তরুণেরা কোথায় যাচ্ছে, ঠিক পথে যাচ্ছে, না ভুল পথে যাচ্ছে! তাদের ভালো রাখার দায়িত্ব পরিবার, রাষ্ট্র, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠানসহ সবাইকে নিতে হবে। অন্যদিকে সন্ত্রাসীদের কোনো দল, ধর্ম, জাত ও সম্প্রদায় নেই। কাজেই এখনই সময় জাতীয় ঐক্য গড়ে তোলার এবং সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।’

আয়শা খানমের মতে, সন্তানকে সৎ থাকার শিক্ষা দিতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় জীবনে নীতিহীন হলে চলবে না। বিজ্ঞপ্তি।