জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার মৌন মিছিল ও সমাবেশ হয়েছে। ‘শিক্ষক সমাজ’—এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া চার দফা দাবিতে উপাচার্য বরাবর সঞ্চারকলিপি দেওয়া হয়েছে।গত বছরের ৮ জানুয়ারি ছাত্রলীগের এক পক্ষের হামলায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ আহত হন। পরদিন ভোরে তিনি মারা যান। এরপর ‘শিক্ষক সমাজ’ ৯ জানুয়ারিকে ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ ঘোষণা করে। গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় গতকাল এসব কর্মসূচি পালন করা হয়।গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের পাদদেশ থেকে শিক্ষক সমাজের ব্যানারে মৌন মিছিল বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি প্রশাসনিক কার্যালয় প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক নাসিম আখতার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি এ এ মামুন, বর্তমান সভাপতি অজিত কুমার মজুমদার, সদস্য শামছুল আলম, নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক মানস চৌধুরী ও ইতিহাস বিভাগের শিক্ষক এ টি এম আতিকুর রহমান। সমাবেশ শেষে চার দফা দাবিতে উপাচার্য মো. আনোয়ার হোসেনের বরাবর সঞ্চারকলিপি দেন তাঁরা।