‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ ঘোষণার দাবিতে নারায়ণগঞ্জে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ ফেব্রুয়ারিকে ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ ঘোষণার দাবিতে গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরে মিছিল হয়েছে। ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকারের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নারায়ণগঞ্জের সর্বস্তরের সন্ত্রাসবিরোধী জনগণ’-এর ব্যানারে এই মিছিল বের করা হয়।গতকাল বেলা ১১টার দিকে শহরের চাষাঢ়া শহীদ মিনার থেকে বের হয়ে মিছিলটি মাসদাইর পৌর কবরস্থানে সাব্বিরের কবরে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শেষ হয়।পরে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ব্যবসায়ী নেতা সাব্বির খুন হন। নতুন প্রজন্মকে সন্ত্রাসবিরোধী কাজে উত্সাহিত করতেই ১৮ ফেব্রুয়ারি ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ ঘোষণা করতে হবে। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিহত সাব্বিরের বড় ভাই বিএনপির কেন্দ্রীয় সহ-আইন সম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার।২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি শহরের মাসদাইরে নিজ বাড়ির অদূরে দুর্বৃত্তদের গুলিতে সাব্বির নিহত হন। তিনি নিট গার্মেন্ট মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রতিষ্ঠাকালীন পরিচালক ও সহসভাপতি ছিলেন।বইমেলা শুরু: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় জিয়া হল মিলনায়তনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা। জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল গতকাল শনিবার দুপুরে এ মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ মেহেদী হাসান, খুরশীদ আলম, মাহবুবুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমানসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।