'সন্ত্রাসী কর্মকাণ্ড' বন্ধের দাবিতে কিশোরগঞ্জে বাস ধর্মঘট
বাস টার্মিনালে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বন্ধের দাবিতে কিশোরগঞ্জে আজ রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস ধর্মঘট শুরু হয়েছে। জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও মটরযান শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ ধর্মঘট আহ্বান করে।
ধর্মঘটের কারণে জেলা শহরের গাইটাল ও বত্রিশ আন্তজেলা বাস টার্মিনাল থেকে ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল ও নেত্রকোনাসহ সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েন অনেক যাত্রী।
সড়ক পরিবহন মালিক সমিতি ও মটরযান শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, গাইটাল এলাকার শফিকুল ইসলাম মানিক নামের একজন দীর্ঘ দিন ধরে বাস কাউন্টারে চাঁদাবাজি, টাকা ছিনিয়ে নেওয়া ও শ্রমিক মারধরসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এছাড়া তাঁর মালিকানাধীন বাস অবৈধভাবে চালানোর সুযোগ দেওয়ার জন্য মালিক ও শ্রমিক নেতাদের ওপর চাপ সৃষ্টি করছিলেন তিনি। সুযোগ না দেওয়ায় শফিকুলের লোকজন গতকাল শনিবার গাইটাল আন্তজেলা বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের কার্যালয় তালাবদ্ধ করে দেন এবং মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ঘটনার প্রতিবাদে আজ রোববার থেকে ধর্মঘট ঘোষণা করা হয়।
ধর্মঘটের কারণে ঢাকাসহ বিভিন্ন এলাকায় যেতে ইচ্ছুক অনেক যাত্রী পড়েন দুর্ভোগে। আঙ্গুর মিয়া নামের এক যাত্রী কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওড় এলাকা থেকে এসেছেন গাইটাল বাস টার্মিনালে। যাবেন ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে। কিন্তু কোনো বাস না পেয়ে হতাশ তিনি। তিনি বলেন, অনেক দূর থেকে কষ্ট করে টার্মিনালে আসছি। কিন্তু কোনো বাস নাই। এখন বাড়ি ফিরে যাওয়াও আরেক কষ্টের। হোটেলে থাকা ছাড়া উপায় নাই।’
একই টার্মিনালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা এলাকা থেকে এসেছেন মর্জিনা বেগম নামের এক নারী। গাজীপুরে মেয়ের বাসায় যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বাস না পাওয়ায় ফিরে যেতে হয়েছে তাঁকে। তিনি বলেন, ‘ধর্মঘট জানলে এত কষ্ট কইরা আসতাম না।’
ধর্মঘটের ব্যাপারে জানতে চাইলে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মানিক রঞ্জন দে প্রথম আলোকে বলেন, আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে শফিকুলকে গ্রেপ্তার ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে ধর্মঘট অব্যাহত থাকবে।
একাধিকবার শফিকুলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে কিশোরগঞ্জের জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।