‘সন্ত্রাসীরা জামিনে মুক্তি পায় রাজনীতিবিদেরা পান না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের আন্দোলন দমনে সরকার বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়াসহ বিভিন্ন কৌশল নিয়েছে। দেশে এখন সাজাপ্রাপ্ত সন্ত্রাসীরা জামিনে মুক্তি পায়। অথচ রাজনীতিবিদেরা জামিন পান না। গতকাল শনিবার সকালে এক সমাবেশে এসব কথা বলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। শহীদ জিয়া শিশু-কিশোর ফাউন্ডেশন চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে বিএনপির নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে এই সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে। সমাবেশে আমীর খসরু বলেন, ‘জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। পাশাপাশি আওয়ামী সন্ত্রাসী, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের রাস্তায় নামানো হয়েছে।’বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করায় তীব্র নিন্দা জানিয়ে আমীর খসরু বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা রাস্তায় কুপিয়ে মানুষ হত্যা করে, কিন্তু তাঁদের কিছু হয় না। বিকাশের মতো সাজাপ্রাপ্ত আসামি আজ জামিনে বেরিয়ে আসে। অথচ পরীক্ষিত রাজনীতিবিদদের জামিন হচ্ছে না।’সরকারি কর্মকর্তাদের আওয়ামী লীগের অপকর্মের বোঝা না নেওয়ার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, ‘আমরা গণতান্ত্রিক ও সাংবিধানিক উপায়ে আন্দোলন করছি। কিন্তু প্রশাসন ও আদালতপাড়ার কিছু লোক আন্দোলন ঠেকাতে পেশাদার অপরাধীর মতো কাজ করছে। যারা এসবের সঙ্গে জড়িত আগামীতে তাদের জন্য দ্রুততর বিচার অপেক্ষা করছে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে আমীর খসরু বলেন, ‘অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানা না হলে আন্দোলন জোরদার হবে। যে পথে আপনারা যাচ্ছেন সে পথে বিদায় নিতে হলে ফিরে আসার সম্ভাবনা না-ও থাকতে পারে।’বিএনপির ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আজমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান, নগর বিএনপির নেতা আবদুস সাত্তার, নুরুল ইসলাম, মফিজুল হক ভুঁইয়া, এম এ আজিজ প্রমুখ। সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নগর বিএনপির নেতা আবু সুফিয়ানসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।