'সন্ত্রাসীরা রাজনৈতিক পরিচয়ে অস্ত্র কিনছে'
অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত অভিযোগে পুরান ঢাকার বংশালের নবাব ইউসুফ রোড থেকে গত বুধবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন দবিরউদ্দিন ওরফে তুহিন, আবদুল হামিদ ও ইরফানুল হাসান ওরফে পিয়াস।
অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়ে গত বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা রাজনৈতিক পরিচয়ে অস্ত্র ব্যবসায়ীদের কাছ থেকে অস্ত্র কিনছে। দেশের বিভিন্ন স্থানে ইউপি নির্বাচন চলছে। তাই আগ্নেয়াস্ত্রের চাহিদাও এখন বেশি। নির্বাচনে প্রভাব খাটাতে এসব অস্ত্র বেচাকেনা হয়।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার হওয়া দবিরউদ্দিন ও আবদুল হামিদ জিজ্ঞাসাবাদে বলেছেন, ভারত থেকে আসা এসব অস্ত্র তারা চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে চোরাইপথে ঢাকায় এনে ব্যবসা করে আসছিলেন।