'সন্ত্রাসী' মামুনসহ তিন আসামির নাম ২৭ বছর পর প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ বছর আগের একটি হত্যা মামলা থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কমিশনার (বর্তমানে কাউন্সিলর) মামুনুর রশীদ ওরফে মামুনসহ তিন আসামির নাম প্রত্যাহার করা হয়েছে। এ মামলায় ১৯৯০ থেকে ২০০৩ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে প্রায় পাঁচ বছর কারাগারে ছিলেন তিনি।
২০০৮ সালে চট্টগ্রাম নগর পুলিশ ও র্যাবের করা শীর্ষ সন্ত্রাসীদের তালিকায়ও তাঁর নাম রয়েছে। আওয়ামী লীগের কোনো পদে না থাকলেও নিজেকে দলের নেতা হিসেবে পরিচয় দেন তিনি। এ ছাড়া ভারতে পালিয়ে থাকা বাংলাদেশের ৪১ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকায়ও তাঁর নাম রয়েছে। ২০১৪ সালের নভেম্বরে র্যাব ভারতের জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) এ তালিকা দেয়। অবশ্য ২০০৯ সাল থেকেই তিনি দেশে রয়েছেন। তবে জনসমক্ষে কম আসেন।
হত্যা মামলা থেকে নাম প্রত্যাহার করা বাকি দুই আসামি হলেন বাহার উদ্দিন ও মোরশেদ আলম। তাঁরা চট্টগ্রাম নগর আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী। ১৯৮৯ সালের ৪ এপ্রিল চট্টগ্রাম নগরের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ছুরিকাঘাত করে খুন করা হয় শিবিরের কর্মী আবু তাহেরকে। এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা হয়। তাহের পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী গতকাল বৃহস্পতিবার হত্যা মামলা থেকে তিন আসামির নাম প্রত্যাহারের আদেশ দেন। আদালত বলেন, তিন আসামি ছাড়া বাকি আসামিদের বিরুদ্ধে মামলাটি চলবে। আগামী ২ নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন বিচারক।
আদালত সূত্র জানায়, এই মামলার মোট আসামি ১০ জন। এর মধ্যে একজন মারা গেছেন।
মামলার বাদী ও চট্টগ্রাম নগর জামায়াতের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আসামিরা উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেওয়ায় দীর্ঘদিন নিম্ন আদালতে বিচার কার্যক্রম বন্ধ থাকে। এভাবে ২৭ বছর পার হয়েছে। এখন তিন আসামির নামও প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে আর কিছু বলার নেই।
পুলিশ জানায়, তাহের হত্যার পর ১৯৯০ সালে গ্রেপ্তার হন মামুন। ১৯ মাস জেল খেটে জামিনে ছাড়া পান তিনি। পরে ১৯৯৩ সালে অন্য আরেকটি হত্যা মামলায় আবার গ্রেপ্তার হন তিনি। ১৩ মাস পর জামিনে ছাড়া পান। ২০০০ সালে তিনি চট্টগ্রাম নগরের শুলকবহর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, চাঞ্চল্যকর মামলা হিসেবে আবু তাহের হত্যা মামলাটি বিচারের জন্য ২০০৩ সালের ২৫ ফেব্রুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। আসামিরা উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে আসায় বছরের পর বছর এ মামলার কার্যক্রম বন্ধ ছিল। ২০১১ সালে একবার স্থগিতাদেশ প্রত্যাহার হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে ‘রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারসংক্রান্ত জাতীয় কমিটি’র কাছে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন মামুন। মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা থেকে সুপারিশ করে জেলা প্রশাসনকেও চিঠি পাঠানো হয়। ২০১২ সালের ২৪ ডিসেম্বর শুনানি শেষে মামলা থেকে তিন আসামির নাম প্রত্যাহারের আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক।
সরকারি কৌঁসুলি বলেন, আদালতের এই আদেশের বিরুদ্ধে আবার উচ্চ আদালতে রিভিশন মামলা করেন আসামিরা। চলতি বছরের ২৪ মে উচ্চ আদালত এই মামলা থেকে তিন আসামির নাম প্রত্যাহারের আদেশ দেন। আদেশটি চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালে গত মাসের শেষ দিকে পৌঁছায়।
পুলিশ জানায়, নিজ দলের কর্মীকে খুন, চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বকোণ কার্যালয়ে ঢুকে সাংবাদিককে মারধর, পুলিশের সহকারী কমিশনার বশির হত্যাসহ গত দুই যুগে ২১টি মামলা হয় মামুনের বিরুদ্ধে। সাংবাদিকদের মারধরের পর দলীয় চাপের কারণে ২০০১ সালে আদালতে আত্মসমপর্ণ করেন তিনি। দুই বছর জেল খেটে ২০০৩ সালে জামিনে ছাড়া পান। এরপর ২০০৪ সালে ভারতে পালিয়ে যান তিনি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে ফিরে আসেন।
মামুনুর রশীদ গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পাঁচলাইশের ওই একটি মামলা ছাড়া তাঁর বিরুদ্ধে করা বেশির ভাগ মামলায় তিনি খালাস পেয়েছেন। দু-একটি মামলা প্রত্যাহার করা হয়েছে। তাঁর দাবি, রাজনৈতিকভাবে হয়রানি করতে তাঁকে তাহের হত্যা মামলায় জড়ানো হয়। আগে র্যাব-পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তাঁর নাম থাকলেও এখন আর নেই। তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বলে জানান।
আদালত সূত্র জানায়, তাহের হত্যা মামলার ১০ আসামির মধ্যে বিপ্লব সাহা মারা গেছেন। পলাতক রয়েছেন মো. হারুন, এনামুল ইসলাম, জি এম হাসান, মাজেদুল বারী, জাহিদুল ইসলাম ও মাইল্যা ওরফে কালা।
ট্রাইব্যুনালের কৌঁসুলি আইয়ুব খান বলেন, এ মামলার সাক্ষী ১৯ জন। এর মধ্যে পুলিশ সাক্ষী পাঁচজন। সর্বশেষ ২০০২ সালের ৯ মার্চ এই মামলায় একজন সাক্ষ্য দেন। পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।
নিহত আবু তাহেরের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। স্বজনেরা কেউ এখন আর মামলার খোঁজ নেন না বলে জানান বাদী মোহাম্মদ উল্লাহ।