টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় আওয়ামী লীগের সাংসদ আমানুর রহমান খান ওরফে রানাসহ চারজনকে হয়রানি ও গ্রেপ্তার না করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিতই থাকছে। গতকাল বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে স্থগিতাদেশ চলমান থাকবে বলে আদেশ দেন।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, এখন সন্দেহ হলে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে ওই মামলায় বা অন্য কোনো মামলায় তাঁদের (আমানুরসহ চারজন) গ্রেপ্তারে বাধা নেই।
২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল শহরের কলেজপাড়ায় নিজ বাসার কাছ থেকে ফারুকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এর তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। তদন্তের একপর্যায়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গত আগস্টে আনিসুল ইসলাম ওরফে রাজা ও মোহাম্মদ আলী নামের দুজনকে গ্রেপ্তার করে। তাঁরা সাংসদ আমানুরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ২৭ আগস্ট আনিসুল ও ৫ সেপ্টেম্বর মোহাম্মদ আলী টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
ফারুক হত্যা মামলা নিয়ে গত ১৪ সেপ্টেম্বর প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ হত্যাকাণ্ডের সঙ্গে সাংসদ আমানুর রহমান খান ও তাঁর তিন ভাই জড়িত বলে তথ্য-প্রমাণ পেয়েছে পুলিশ। তাঁদের গ্রেপ্তার করতে পারে, এমন আশঙ্কা থেকে নির্দেশনা চেয়ে তাঁদের পক্ষে হাইকোর্টে রিট করা হয়। শুনানি নিয়ে ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট তাঁদের যথাযথ আইনগত প্রক্রিয়া ছাড়া হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ১৯ নভেম্বর হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়। পরে রাষ্ট্রপক্ষ নিয়মিত আবেদন করে। গতকাল শুনানি শেষে আদালত আদেশ দেন।