
ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যাকাণ্ডের ‘সন্দেহভাজন’ সোহেল আহম্মেদ প্রায় সাত মাস ধরে নিখোঁজ। পুলিশ বলেছে, সিজার তাবেলা হত্যায় যে পিস্তলটি ব্যবহার করা হয়েছে, সেটি সোহেলের। সেই অস্ত্রটি এখনো উদ্ধার করা যায়নি। হত্যার পর সোহেল আহম্মেদ এলাকা ছেড়ে পালিয়েছেন।
সোহেলের ভাই পারভেজ আহম্মেদ প্রথম আলোর কাছে অভিযোগ করেন, গত বছরের ১৬ অক্টোবর ডিবি (ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ) পরিচয়ে তাঁর বড় ভাই সোহেল আহম্মেদকে বাসার কাছ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ডিবি সোহেলকে তুলে নিয়েছে অভিযোগে বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ তা গ্রহণ না করে নিখোঁজ-সংক্রান্ত জিডি নেয়। এরপর থেকে সোহেলের কোনো সন্ধান মেলেনি।
এ ব্যাপারে জানতে চাইলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল প্রথম আলোকে বলেন, ডিবি জিডির তদন্ত করছে। সোহেলকে তুলে নেওয়ার বিষয়ে কিংবা তাঁর বিরুদ্ধে থানায় মামলা থাকার কথা তাঁর জানা নেই।
গত বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২-এর ৯০ নম্বর সড়কে নেদারল্যান্ডসভিত্তিক এনজিও আইসিসিওর প্রকল্প ব্যবস্থাপক সিজার তাবেলাকে (৫১) গুলি করে হত্যা করা হয়। দুই তরুণ তাবেলাকে গুলি করে অপেক্ষমাণ এক ব্যক্তির মোটরসাইকেলে উঠে পালিয়ে যেতে দেখেন একাধিক প্রত্যক্ষদর্শী।
মামলার তদন্তকারী সংস্থা ডিবির কর্মকর্তারা দাবি করেছেন, সিজার তাবেলা হত্যায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম, তাঁর ভাই আবদুল মতিনসহ সাতজনের সম্পৃক্ততা পেয়েছেন তাঁরা। অন্যরা হলেন তামজিদ আহমেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন, শাখাওয়াত হোসেন ওরফে শরীফ ও সোহেল আহম্মেদ। এই সাতজনকে আসামি করে অভিযোগপত্র প্রস্তুত করা হচ্ছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, এই সাতজনের মধ্যে কাইয়ুম ও সোহেল ছাড়া বাকি সবাই কারাগারে। এঁদের মধ্যে মতিন ছাড়া অন্য চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
এদিকে সিজার হত্যা মামলায় আসামিদের মধ্যে দুজন তামজিদ আহমেদ ও রাসেল চৌধুরী ইতিপূর্বে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেছেন। গ্রেপ্তার হওয়া অন্য তিনজনের পরিবারও দাবি করেছে, তাঁরা সিজার হত্যায় জড়িত নন।
সোহেলের ভাই পারভেজ আহম্মেদ প্রথম আলোকে বলেন, তাঁর বড় ভাই সোহেল আহম্মেদ পুরোনো ভবন কেনাবেচার ব্যবসা করেন। তিনি মধ্যবাড্ডায় ব্যাপারীপাড়ায় থাকেন। গত ১৬ অক্টোবর জুমার নামাজের পর তিন-চার ব্যক্তি ডিবি পরিচয়ে সোহেলকে একটি পাজেরো গাড়িতে তুলে নেন। এ সময় সেখানে উপস্থিত স্থানীয় যুবলীগ নেতা জামান আহমেদ সোহেলকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলে ‘ইতালির নাগরিক খুনের ঝামেলা আছে’ বলে জানান ডিবি পরিচয়ে আসা ব্যক্তিরা। এরপর থেকে সোহেলের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। পারভেজ বলেন, ২২ অক্টোবর থানায় গিয়ে অভিযোগ জানালে ডিবির কথা শুনে থানা আর অভিযোগ নেয়নি।
সোহেলকে আসলেই ডিবি ধরেছে কি না, জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম কয়েক দিন আগে প্রথম আলোকে বলেন, সোহেলকে ডিবি ধরেছে, এমন খবর তিনি জানেন না। তিনি বলেন, তাবেলা সিজার হত্যা মামলার অভিযোগপত্র প্রস্তুত থাকলেও সোহেলের অস্ত্রটি উদ্ধার না হওয়ায় অভিযোগপত্র দেওয়া যাচ্ছে না।