‘সন্ধ্যার পর এই রাস্তায় হাঁটবেন না’
‘সন্ধ্যার পর এই রাস্তায় হাঁটবেন না, ছিনতাইয়ের শিকার হতে পারেন’ এ সতর্কবাণী লিখে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে। সাইনবোর্ডটি স্থাপন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কের আশুলিয়া থানা অংশের বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকা ছিনতাইকারীদের আখড়ায় পরিণত হয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে ওই এলাকা ছিনতাইকারীদের দখলে চলে যায়। সংঘবদ্ধ ছিনতাইকারীরা পথচারীদের কাছ থেকে সর্বস্ব লুটে নেয়। সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট থেকে সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের পূর্ব পাশের বেশির ভাগ এলাকাই ঘনজঙ্গলে ঢাকা। জঙ্গল ঘেঁষেই রয়েছে বাংলাদেশ পাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরই), শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়নকেন্দ্র ও ডেইরি ফার্মের সীমানাপ্রাচীর। ওই প্রাচীরের পরেও বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়েছে জঙ্গল।আশুলিয়ার কাঠগড়ার মাহাবুবুল আলম বলেন, সন্ধ্যার পর থেকেই ছিনতাইকারীরা সক্রিয় হয়ে ওঠে। ছিনতাইয়ের পর তারা বিএলআরই, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়নকেন্দ্র ও ডেইরি ফার্মের দেয়াল টপকে পালিয়ে যায়। প্রায় নিয়মিত ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশের কোনো তৎপরতা চোখে পড়ে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৩৫তম ব্যাচের ছাত্র খায়রুল বাশার বলেন, পথচারীরা ওই রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়। এ কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পথচারী ও শিক্ষার্থীদের সচেতন করতেই ওই সাইনবোর্ডটি টাঙিয়ে দিয়েছেন।বিশ্ববিদ্যালয়ের ৩৫তম ব্যাচের ছাত্র আতিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ওই রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৩৩তম ব্যাচের এক ছাত্রকে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।সাইনবোর্ড টাঙানোর উদ্যোক্তাদের একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র এস জে দীপ বলেন, ‘সড়কটিতে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ কারণে আমরা চার বন্ধু মিলে পথচারীদের সচেতন করতে এ উদ্যোগ নিয়েছি।’ ঢাকা জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবদুল আওয়াল বলেন, প্রান্তিক গেট থেকে সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকায় পথচারীরা প্রায় দিনই ছিনতাইয়ের শিকার হয়। কিন্তু এ ব্যাপারে পুলিশের ভূমিকা রহস্যজনক।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, মাঝেমধ্যে ওই এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। মামলা হলে মালামাল উদ্ধার করা হয়। তিনি বলেন, জনবল আর যানবাহনের অভাবে কোনো এলাকায় সার্বক্ষণিক পুলিশ পাহারার ব্যবস্থা করা সম্ভব হয় না। এ কারণে অপরাধীরা সুযোগ বুঝে কোনো কোনো এলাকায় অপরাধ ঘটাতেই পারে। এতে পুলিশের কিছু করার থাকে না।