'সপ্তম মৃত্যুবার্ষিকীর আগে যেন দোষীদের শাস্তি হয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগের নিহত কর্মী  ফারুক হোসেন
ছাত্রলীগের নিহত কর্মী ফারুক হোসেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ে এক স্মরণসভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দলীয় টেন্টে আয়োজিত এ স্মরণসভায় ফারুক হত্যা মামলার বিচারকাজ দ্রুত শেষ করার দাবি জানানো হয়।
ফারুকের স্মরণে গতকাল কালো ব্যাজ পরেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে একটি শোকর্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর দুপুর ১২টায় স্মরণসভা ও কম্বল বিতরণ করা হয়।
স্মরণসভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। বক্তব্য দেন ফারুকের বড় বোন আসমা বেগম, আওয়ামী লীগ নেতা মীর ইশতিয়াক লিমন, মো. আলাউদ্দিন, মীর তৌহিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান।
ফারুকের বড় বোন আসমা বেগম বলেন, ‘বড় আশা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল আমার ভাই। মা-বাবার আশা ছিল, পড়ালেখা শেষ করে সংসারের হাল ধরবে সে। কিন্তু জামায়াত-শিবির সে আশা ব্যর্থ করে দিল। ওকে হত্যা করল। কিন্তু হত্যার ছয় বছর পরেও দোষী ব্যক্তিদের বিচার হলো না। অন্তত ভাইয়ের সপ্তম মৃত্যুবার্ষিকীর আগে যেন দোষী ব্যক্তিদের শাস্তি হয়, সে দাবি করছি।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হল দখলকে কেন্দ্র করে ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি গভীর রাতে ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায় শিবিরের ক্যাডাররা। তারা ছাত্রলীগ কর্মী ফারুককে হত্যা করে লাশ শাহ মখদুম হলের পেছনের ম্যানহলে ফেলে রাখে। একই রাতে তারা ছাত্রলীগের আরও তিন কর্মীর হাত-পায়ের রগ কেটে দেয়। ছাত্রলীগের অন্য এক কর্মীকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এরপর থেকে থেকেই তিনি অন্ধ।
ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বাদী হয়ে শিবিরের ৩৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে নগরের মতিহার থানায় মামলা করেন। বর্তমানে মামলাটি রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন।
মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে রাজশাহী আদালতের পিপি আবদুস সালাম বলেন, ‘সর্বশেষ অবস্থা সম্পর্কে তেমন কিছু জানি না। আগামীকাল (গতকাল সোমবার) জানাতে পারব।’ তবে গতকাল যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটি বছর চারেক আগে প্রতিবেদন জমা দিলেও আর কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক গোলাম কবির বলেন, তদন্ত কমিটি নির্দিষ্ট সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এ ধরনের তদন্ত প্রতিবেদনের সুপারিশগুলো বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।