‘সফটওয়্যার টেকনোলজি পার্ক’ চালু হতে আরও এক বছর লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারে জনতা টাওয়ার সংস্কার ও মেরামত করে সেখানে ‘সফটওয়্যার টেকনোলজি পার্ক’ স্থাপনের প্রস্তাব বাস্তবায়ন করতে আরও অন্তত নয় মাস থেকে এক বছর সময় লাগবে। এই খাতে খরচ হবে প্রায় ৪০ কোটি টাকা। ভবন মেরামতের কাজ শেষ হলে সেখানে ৫০ থেকে ৭০টি প্রতিষ্ঠান তাদের কার্যালয় স্থানান্তর করতে পারবে বলে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. দবিরুল ইসলাম বলেন।গতকাল মঙ্গলবার জনতা টাওয়ার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) পক্ষে ভবনটির ভবিষ্যৎ অবকাঠামোগত চিত্র উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মাহবুব জামান। সাংসদ দবিরুল ইসলাম আরও বলেন, সৌরবিদ্যুতের প্যানেল সংযুক্ত করাসহ ভবনটিকে গ্রিন বিল্ডিং হিসেবে তৈরি করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাসিমুল আলম চৌধুরী, শওকত আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব মো. মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিজ্ঞান ও তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান। পরিদর্শন শেষে সংসদীয় কমিটির সদস্যরা কারওয়ান বাজারের বেসিস কার্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় বেসিসের সিনিয়র সহসভাপতি ফাহিম মাশরুর, মহাসচিব ফোরকান বিন কাশেম, যুগ্ম মহাসচিব তামজিদ সিদ্দিকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।