‘সফল অস্ত্রোপচার’ ও গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রোপচারের পর রোগীর জ্ঞান ফেরেনি। অথচ অস্ত্রোপচারকে সফল দাবি করে চিকিৎসকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি পরদিন বিভিন্ন সংবাদমাধ্যমে ছাপা হয়। যদিও তার আগেই রোগীর মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, নিজের দক্ষতা প্রমাণ করার জন্য এক স্বাচিপনেতা গত শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ওই রোগীর ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করেন। রাজশাহীর একটি স্থানীয় পত্রিকায় সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে গত রোববার অস্ত্রোপচারের ছবিসহ ছাপানো সংবাদে বলা হয়েছে, রামেক হাসপাতালের সার্জারি বিভাগের ইউনিট-৪-এর প্রধান মহিবুল হাসানের নেতৃত্বে ‘হাইডাটিড ডিজিজ ইন মাল্টিপুল সাইড’ নামের রোগের সফল অস্ত্রোপচার করা হয়। এই অস্ত্রোপচার রাজশাহীতে এই প্রথম। এমনকি বাংলাদেশে ইতিপূর্বে হয়েছে বলে শোনা যায়নি। এর মাধ্যমে চারঘাটের দেলোয়ার হোসেনের স্ত্রী শোভা বেগমের যকৃত, বৃক্ক, প্লিহা, জরায়ু, মূত্রথলি, ওমেনটাম ও পেরিটোনিয়াম থেকে প্রচুর সিস্ট অপসারণ করা হয়। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রায় সাড়ে তিন ঘণ্টার এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। এই অস্ত্রোপচার সময়মতো না করলে সিস্ট ফেটে রোগীর মৃত্যু হতে পারত বলে চিকিৎসকেরা জানান। শেষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল আলম সিদ্দিকী ও উপপরিচালক মজিবুর রহমান অস্ত্রোপচার দল ও রোগীর খোঁজখবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন। অবশ্য পরের দিন রোগী মারা যাওয়ার খবর আর প্রচার করা হয়নি। শোভা বেগম (৪২) গত ২৪ মে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। গত শনিবার বেলা পৌনে ১১টায় তাঁর অস্ত্রোপচার হয়। রাত ১১টা ৫০ মিনিটে তিনি মারা যান।হাসপাতাল সূত্রে জানা গেছে, সহকারী অধ্যাপক (চলতি দায়িত্বে) মহিবুল হাসান স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) রামেক শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক। তিনি সহযোগী অধ্যাপক হওয়ার জন্য চেষ্টা করছেন। কিন্তু এই পদোন্নতির জন্য এফসিপিএস অথবা এমএস ডিগ্রি দরকার, অথচ তাঁর রয়েছে শুধু এমসিপিএস। সূত্রমতে, এই একাডেমিক যোগ্যতার ঘাটতি পুষিয়ে নিতে তিনি অতিরিক্ত দক্ষতা প্রমাণের জন্য এ ধরনের জটিল রোগীর শরীরে সফল অস্ত্রোপচারের একটি পেপারকাটিং তৈরির চেষ্টা করছিলেন। এ ধরনের অস্ত্রোপচারের জন্য নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) সহায়তার বিষয়টি বিবেচনায় না নিয়েই তিনি এই অস্ত্রোপচার সফল দাবি করে তড়িঘড়ি করে পত্রিকায় খবর পাঠিয়ে দেন।সোমবার চারঘাটের মাড়িয়া গ্রামে দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মহিবুল হাসান অতি উৎসাহী হয়ে এই অস্ত্রোপচার করেছেন। শোভার বোন রেবেকা বেগম বলেন, মহিবুল হাসান বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য নিজেই ১৬ হাজার টাকা খরচ করেছেন। এর কারণ জানতে চাইলে দেলোয়ার হোসেন বলেন, ‘অপারেশনটা সফল হলে ডাক্তারের একটা সুনাম হতো। এ জন্যই তিনি করেছেন।’ তিনি বলেন, অস্ত্রোপচারের আগে তাঁর স্ত্রী হেঁটে গেছেন। সবার সঙ্গে কথা বলে দোয়া চেয়েছেন।আশরাফুল আলম সিদ্দিকী বলেন, এ ধরনের জটিল অস্ত্রোপচারের আগে হাসপাতালে বোর্ড গঠন করে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি। অস্ত্রোপচারের আগের দিন তাঁকে বলা হয়েছিল। তিনি রেওয়াজ অনুযায়ী শেষের দিকে গিয়েছিলেন। তিনি বিশেষভাবে অস্ত্রোপচার-উত্তর যত্ন নেওয়ার জন্য বলেছিলেন। রোগীর জ্ঞান ফেরার আগেই সংবাদমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানোর ব্যাপারে তিনি বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। পদোন্নতির জন্য মহিবুল হাসান এটা করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এটা বলব না।’মহিবুল হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘বোর্ড করে কেন অস্ত্রোপচার করতে হবে? আমি কি কারও চেয়ে কম জানি? আমি কারও চেয়ে কম সিনিয়র? কে বলেছে জ্ঞান ফেরেনি?’ ১২ ঘণ্টার মধ্যেই রোগী মারা যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘সাংবাদিকদের মেডিকেল সায়েন্স বিষয়ে পড়াশোনা করা দরকার আছে।’ পদোন্নতির জন্য এটা করেছেন কি না জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, ‘পদোন্নতির জন্য আমার জাতীয়-আন্তর্জাতিক প্রবন্ধ রয়েছে। এগুলো লাগবে না।’ রোগীর পেছনে টাকা খরচ করার কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমরা মানুষের জন্য বহু টাকা খরচ করি। রোগীটা মারা গেছে—এ জন্য আমার কত মন খারাপ রয়েছে এটা তো আপনাদের চোখে পড়বে না।’