চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের ৫৬ দফা নির্বাচনী ইশতেহারের মধ্যে ১৭টি স্বল্পমেয়াদি, ২৯টি দীর্ঘ ও ১০টি মধ্যমেয়াদি উন্নয়ন প্রকল্প ছিল। এর মধ্যে প্রাধান্য ছিল শহরের জলাবদ্ধতা নিরসন। তিন বছরেও তিনি জলবদ্ধতা দূর করতে পারেননি, বরং চট্টগ্রাম সিটি করপোরেশনের সেবার মান ক্রমশ নিচের দিকে ধাবিত হচ্ছে বলে নগরবাসী মনে করছে।জানতে চাইলে মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘৫৬ দফা নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। সফলতা-ব্যর্থতা নিয়ে কথা বলব চতুর্থ বছরে। প্রয়োজনে নগরবাসীর কাছে ক্ষমা চেয়ে নেব। আমি চেষ্টা করে যাচ্ছি।’ চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম মূল্যায়ন করতে গিয়ে বলেন, ‘নির্বাচিত প্রতিনিধির জন্য তিন বছর অনেক সময়। কিন্তু মেয়র যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার একটিও পূরণ করতে পারেননি, বরং প্রতিশ্রুতি ভঙ্গ করে করারোপ বাড়িয়েছেন। আর চট্টগ্রামকে আবর্জনার নগরে পরিণত করেছেন।’ একই রকম জবাব দিলেন নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর। তিনি মূল্যায়ন করতে গিয়ে বলেন, ‘মেয়র মন্জুর ব্যর্থ। আমরা তাঁকে নির্বাচিত করে জনগণের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হচ্ছি। তিনি তো ৫৬ দফার কোনোটি পূরণ করতে পারেননি।’ ২০১০ সালের ১৭ জুন অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে মোহাম্মদ মন্জুর আলম প্রায় এক লাখ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করেন। আজ সোমবার ওই নির্বাচনের তিন বছর পূর্তি। তাই বর্তমান মেয়রের কর্মকাণ্ড নিয়ে নানা বিশ্লেষণ চলছে।ক্ষমতায় আসার তিন বছরে সিটি করপোরেশন প্রতিবছর এই জলাবদ্ধতা নিরসনে নালা-নর্দমা পরিষ্কারের পাশাপাশি খাল থেকে মাটি তোলার কাজ করে। এবার নতুন করে বহদ্দারহাট এলাকার দুটি স্থানে চাক্তাই খালের সঙ্গে ডোম খালের একটি সংযুক্তিকরণের কাজও করা হচ্ছে। দীর্ঘমেয়াদি প্রকল্পভুক্ত নতুন খাল খনন এখনো ঝুলে রয়েছে। জলাবদ্ধতার কথা স্বীকার করে মন্জুর আলম বলেন, ‘জলাবদ্ধতা নিয়ে আমরা কিছু স্বল্পমেয়াদি কাজ করেছি। বিভিন্ন খালের মুখে স্লুইসগেট নির্মাণের কাজ চলছে। এই মৌসুমে কিছুটা ভুগলেও আগামী মৌসুমে আমরা সফলতা পাব।’ এ প্রসঙ্গে প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, ‘জলাবদ্ধতা নিরসন করবেন ইশতেহারে এমন ঘোষণা দিয়ে যদি কেউ নির্বাচিত হন, তাহলে বলতে হয় তিনি এই তিন বছরে তাতে সফল হননি। তবে জলাবদ্ধতা নিরসন করপোরেশনের একার কাজ নয়। ওখানে আরও কিছু সংস্থাকে সম্পৃক্ত করার দায়িত্ব করপোরেশনের রয়েছে।’ চট্টগ্রামের বড় সড়কগুলো বর্তমানে ভাঙাচোরা হয়ে পড়ে রয়েছে। চকবাজার থেকে বহদ্দারহাট-আরাকান সড়ক, আন্দরকিল্লা থেকে চকবাজার সড়ক, ট্রাংক রোড, হালিশহর বিশ্বরোডসহ বিভিন্ন বড় সড়ক খনাখন্দে পরিণত হয়েছে। তবে এসব সড়কের বেশির ভাগে এখন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উন্নয়ন (সিডিএ) কাজ চলছে, যার কারণে সিটি করপোরেশন নিজেদের দায় এড়াচ্ছে। পরিচ্ছন্ন শহর হিসেবে চট্টগ্রামের খ্যাতি থাকলেও বর্তমানে নগরের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার স্তূপ দেখা যায়। ডাস্টবিনগুলো থেকে সময়মতো ময়লা পরিষ্কার করা হয় না বলে নগরবাসীর অভিযোগ। এ জন্য মেয়র জনগণের সচেতনতাকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘ময়লা অপসারণের জন্য আমরা নতুন নতুন গাড়ি কিনেছি। মোট দুই হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ করছে। তবে জনগণ সচেতন নয়। যত্রতত্র ময়লা ফেলে তারা।’ মেয়রের এই বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন নগরের নাগরিকেরা। কেবল নগরবাসীর ওপর দায় চাপিয়ে মেয়র দায় এড়ানোর চেষ্টা করছেন বলে তাঁরা মন্তব্য করেন।