ঘটনার ২৪ ঘণ্টার বেশি পেরিয়ে গেলেও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লের ওপর হামলাকারী সফিউল আজম এখনো ধরা পড়েননি। পুলিশ বলছে, ‘সফিউল আজম ভীষণ চালাক, তাই তাকে ধরা যাচ্ছে না।’
গতকাল মঙ্গলবার প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লকে বেদম মারধর করেন শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক সফিউল আজম ও তাঁর সহযোগীরা। সফিউল আজম সরকারি চাকরি না ছেড়ে শিকদার মেডিকেল কলেজে পূর্ণকালীন চাকরি করছেন এবং একেক সময় একেক ডিগ্রি ব্যবহার করছেন বলে অভিযোগ পেয়ে শিশির মোড়ল অভিযোগের সত্যতা যাচাই করতে শিকদার মেডিকেলে যান। সেখানে তাঁকে মারধর করা হয়। এ ঘটনায় হাজারীবাগ থানায় মামলা করেন শিশির মোড়ল।
ঘটনার পর থেকে সফিউল আজম পলাতক। আজ বুধবার বিকেলে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মইনুল ইসলাম জানান, সফিউলকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে।
ওসি কাজী মইনুল ইসলাম বলেন, ‘আশা করছি তাকে (সফিউল আজম) খুব তাড়াতাড়ি ধরা যাবে। কোথায় কোথায় অভিযান চালানো হচ্ছে তদন্তের স্বার্থে এখন বলা যাচ্ছে না। তবে তিনি খুব চালাক লোক।’
এদিকে সাংবাদিক শিশির মোড়লের ওপর হামলার নিন্দা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
এ ছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রার জাহেদুল হক বসুনিয়া আজ সকালে জেড এ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।