জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান মন্তব্য করেছেন, প্রতিটি বা সব অপরাধ যদি মানবাধিকারের লঙ্ঘন হয় তাহলে আর পুলিশের দরকার নেই। জাতীয় মানবাধিকার কমিশন থাকলেই চলবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত ‘বাংলাদেশ’স এনগেজমেন্ট উইথ ইউএন স্পেশাল প্রসিডিউরস’ শীর্ষক এক আলোচনা সভায় মিজানুর রহমান এসব কথা বলেন। এর আগে তিনি ধর্ষণের শিকার এক শিশুকে সহায়তার ক্ষেত্রে কমিশনের ‘নিষ্ক্রিয়তা’ এবং ব্যক্তি পর্যায়ে সংঘটিত খুন, ধর্ষণ ও অ্যাসিড নিক্ষেপ ‘মানবাধিকার লঙ্ঘন নয়’ বলে উল্লেখ করা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে হাইকোর্টের সোমবার দেওয়া রুলের কথা বলেন।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, যখন একটি ঘটনা ঘটে তখন তা অপরাধ। তারপর রাষ্ট্র যদি কোনো ব্যবস্থা না নেয় তখন তা হয় মানবাধিকারের লঙ্ঘন।
আলোচনা সভার সভাপতি আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘নারী নিজের প্রয়োজনে লেগে থেকে সামনের দিকে এগিয়ে গেছে। তারপরও নারী নির্যাতনের হার উঁচু। কারণ, পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার বিভিন্ন কাঠামোর মধ্যে থেকেই নারী তার অধিকার অর্জন করতে চাইছে। ফলে প্রতিক্রিয়া তীব্র হচ্ছে।’
সুলতানা কামাল আরও বলেন, ‘এখন অনেকেই বলে নারীরা বেড়ে গেছে। নারীরা বাড়বে। এই বাড়াটা নারীর অধিকার। সমাজকে তা মানতে হবে।’
আলোচনা সভায় উল্লেখ করা হয়, মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণের জন্য জাতিসংঘের আওতায় যে কয়েকটি ব্যবস্থা আছে ‘বিশেষ পদ্ধতিসমূহ’ তার অন্যতম। কোনো রাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা অথবা বিষয়ভিত্তিক মানবাধিকার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই পদ্ধতি ব্যবহৃত হয়। বিশেষ পদ্ধতির আওতায় মনোনীত ব্যক্তিরা স্বাধীন বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন রাষ্ট্রের আমন্ত্রণে সফরে যান। তারপর তাঁরা জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল এবং সাধারণ পরিষদে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
মিজানুর রহমান জাতিসংঘের বিশেষ প্রতিনিধি বা স্বাধীন বিশেষজ্ঞদের বাংলাদেশে আসার ব্যাপারে বলেন, নারীর প্রতি সহিংসতা, কারণ ও ফলাফলসংক্রান্ত বিশেষ প্রতিনিধি গত বছর বাংলাদেশে আসার পর যে প্রতিবেদন দিয়েছেন, তাতে নতুন কোনো তথ্য নেই। তা সবার জানা। তারপরও বিশেষ প্রতিনিধিদের বাংলাদেশে আসার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বাধা, অপারগতা ও উদাসীনতা প্রকাশ করা হচ্ছে।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ শাখার মহাপরিচালক সাইদা মুনা তাসনীম বলেন, মানবাধিকার বা যেকোনো বিষয়ে রাষ্ট্র কখনোই নেতিবাচক ভূমিকা পালন করে না। জাতিসংঘের বিভিন্ন আন্তর্জাতিক প্রক্রিয়ায় জবাবদিহি করছে। রাষ্ট্র কোনো তথ্য গোপন করছে না। এ ছাড়া, জাতিসংঘের বিশেষ প্রতিনিধিরা রাষ্ট্রের আমন্ত্রণেই এসেছেন।
জাতিসংঘের বিশেষজ্ঞ রাশিদা মঞ্জুর বাংলাদেশ সফর এবং তাঁর প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিনা এম সিদ্দিকী । তিনি এ প্রতিবেদনগুলো দেওয়ার পর রাষ্ট্রের ওপর কীভাবে চাপ দেওয়া যায় এবং পরবর্তী উদ্যোগ কী হতে পারে, তার ওপর গুরুত্ব দেন।