'সব কটি চ্যানেল এখন ব্যস্ত, আবার চেষ্টা করুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সব কটি চ্যানেল এখন ব্যস্ত। দয়া করে আবার চেষ্টা করুন’—রাজশাহী অঞ্চলে যারা টিঅ্যান্ডটি ফোন ব্যবহার করেন, গত এক মাসে এই বাক্যটি তাঁদের মুখস্থ হয়ে গেছে। টিঅ্যান্ডটি থেকে মুঠোফোনে কল করতে গেলেই যান্ত্রিক কণ্ঠস্বর ওই বাক্যটি শোনায়।
টিঅ্যান্ডটির গ্রাহকেরা জানান, মাস খানেক ধরে টেলিফোন থেকে মুঠোফোনে কল করাই যাচ্ছে না। বেশির ভাগ সময়ই চ্যানেল ব্যস্ত পাওয়া যাচ্ছে। কখনো খোলা পাওয়া গেলেও কথা শুরু হওয়ার পরপরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। রাজশাহীর আলমিরা আর্ট অ্যান্ড ফার্নিচারের মালিক আরাফাত রুবেল বলেন, এ অবস্থা অব্যাহত থাকলে কেউ টিঅ্যান্ডটি ফোন ব্যবহার করবে না। রাজশাহী বিভাগীয় প্রকৌশলী টেলিকম (ডিইটি ফোনস) আবদুল মান্নান এ সমস্যার কথা শুনে প্রথমেই বলে ওঠেন, এটা মুঠোফোন অপারেটরদের সমস্যা।
একটি মুঠোফোন অপারেটরের কাস্টমার কেয়ারে ফোন করলে তাঁরা বলেন, মুঠোফোন থেকে মুঠোফোনে এবং টিঅ্যান্ডটিতে ঢুকতে সমস্যা হচ্ছে না। সুতরাং সমস্যাটা টিঅ্যান্ডটিরই।