রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার বলেছেন, ‘সরকার আমাকে এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদকে পাশ কাটিয়ে সব কাজ করতে চায়। অথচ আমি এ এলাকার সংসদ সদস্য। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পার্বত্য চুক্তির শর্ত অনুসারে গঠিত একটি প্রতিষ্ঠান। পার্বত্য চট্টগ্রামের সব ক্ষমতা কেন্দ্রীভূত রাখতে সরকার ও প্রশাসন এ কাজটি করে।’
গতকাল রোববার পার্বত্য চট্টগ্রাম হেডম্যান সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে ঊষাতন তালুকদার এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি শক্তিপদ ত্রিপুরার সভাপতিত্বে রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউটে সকাল ১০টায় এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে ‘পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, বন ও ভূমি ব্যবস্থাপনায় প্রথাগত নেতৃত্বের ভূমিকা ও করণীয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন হেডম্যান নেটওয়ার্কের আইনবিষয়ক সম্পাদক ভবতোষ দেওয়ান।
অধিবেশনে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার বলেন, হেডম্যান প্রথা আইন স্বীকৃত হলেও সরকার ও প্রশাসনের অবহেলার শিকার। সমতলের তহশিলদারদের কাজগুলো পার্বত্য এলাকায় হেডম্যানরা করেন। অথচ এই দুই প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আচরণ সম্পূর্ণ ভিন্ন।
অনুষ্ঠানে বেসরকারি সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর পরিচালক শামীম ইমাম বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্কেল, হেডম্যান ও কার্বারিদের সক্ষমতা বাড়াতে মানুষের জন্য ফাউন্ডেশন কাজ করছে।
বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান মনি চাকমা বলেন, পার্বত্য চুক্তির বাস্তবায়ন না হলে কোনো অধিকারই প্রতিষ্ঠিত হবে না। তিনি শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে কাজ করতে হেডম্যানদের প্রতি আহ্বান জানান।
এমএন লারমা ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা বলেন, হেডম্যানরা যদি একসঙ্গে কাজ করেন তাহলে অনেক কিছু আদায় করা সম্ভব।
আরও বক্তব্য দেন খাগড়াছড়ি হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বদেশপ্রীতি চাকমা ও বোমাং সার্কেল হেডম্যান অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক উনিহ্লা মারমা।