'সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন মানব না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. মুহাম্মদ ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রামে নারীদের উদ্দেশে বলেছেন, ‘আপনাদের বলতে হবে, আমরা শান্তিতে থাকতে চাই। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাই। সব দল অংশগ্রহণ না করলে সেই নির্বাচন আমরা মানব না।’ তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, ‘আমরা কোনো দুর্যোগের মধ্যে পড়তে চাই না। এখনো সময় আছে, অশান্তির দরজা যেন আর না খোলে।’
গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শহরের লেডিস ক্লাবে এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। নোবেলজয়ী ইউনূস সুহূদ-চট্টগ্রাম নামের একটি সংগঠন ‘শিক্ষা, শিল্প-সাহিত্য ও সমাজকর্মে উদ্যোগী নারী সমাবেশ’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে।
মুহাম্মদ ইউনূস বলেন, দেশের অবস্থা খারাপ। সবাই আতঙ্কিত। ঘর থেকে বের হওয়া যাবে কি না, নির্বাচন হবে কি না, তা নিয়ে চিন্তিত সবাই। তিনি প্রশ্ন করে বলেন, স্বাধীন দেশে এত অনিশ্চয়তা, আতঙ্ক কেন?
গ্রামীণ ব্যাংকের ওপর সরকারি হস্তক্ষেপের সমালোচনা করে ব্যাংকটির প্রতিষ্ঠাতা ড. ইউনূস বলেন, তিলে তিলে নারীরা গ্রামীণ ব্যাংকের মালিকানা পেয়েছেন। তাঁদের জীবন পরিবর্তন করেছেন। শুধু তা-ই নয়, গ্রামীণ ব্যাংক দেশকে নোবেল পুরস্কার এনে দিয়েছে।
গ্রামীণ ব্যাংককে রক্ষায় উপস্থিত নারীদের হাত তুলে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে ইউনূস বলেন, ‘আপনাদের ব্যাংক রক্ষায় আপনাদেরই সোচ্চার হতে হবে। আপনাদের চেঁচিয়ে বলতে হবে, “খবরদার! গ্রামীণ ব্যাংকে হাত দেবেন না। যে হাত দেবেন, তাঁর হাত ভেঙে দেব।”’ তিনি বলেন, ‘আমি দেখতে চাই, আপনাদের গলায় জোর বেশি, নাকি একজনের গলার জোর বেশি।’
মুহাম্মদ ইউনূস বলেন, ‘সরকার বলছে আমি নাকি রক্তচোষা, সুদখোর, ঘুষখোর। আমি তো গ্রামীণ ব্যাংকের মালিক নই, তাহলে আমি কীভাবে সুদখোর হলাম? ইচ্ছা করলে তো আমি গ্রামীণ ব্যাংকের মালিক হতে পারতাম।’ তিনি বলেন, ‘সরকার কখনো বলে গ্রামীণ ব্যাংকে নাকি সুদের হার বেশি। সরকার-নির্ধারিত সুদের হার ২৭ শতাংশ আর গ্রামীণ ব্যাংকের সুদের হার ২০ শতাংশ। আর এখন বলছে আমি নাকি কর ফাঁকি দিয়েছি।’
নারী উদ্যোক্তা ও চিটাগং উইম্যান চেম্বারের সভাপতি কামরুন মালেকের সভাপতিত্বে নারী সমাবেশে আরও বক্তব্য দেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য মু. সিকান্দার খান, স্থপতি জেরিন হোসাইন, আনোয়ারা আলম, ডিজাইনার আইভি হাসান, লেখিকা রুনু সিদ্দিকী প্রমুখ।