'সব নাগরিকের অধিকার রক্ষা করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের প্রতিমন্ত্রী হুগো সয়্যার বলেছেন, বাংলাদেশে সব নাগরিকের অধিকার রক্ষায় শেখ হাসিনার সরকারকে অবশ্যই দ্ব্যর্থহীন হতে হবে। যাঁরা ভিন্নমতাবলম্বী কিংবা ভিন্নধর্মী জীবন যাপন করেন, তাঁদের অধিকারও সমানভাবে রক্ষা করতে হবে।
ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ওয়েস্টমিনস্টার হলে গত মঙ্গলবার ‘কারেন্ট সিচুয়েশন ইন বাংলাদেশ’ (বাংলাদেশের চলমান পরিস্থিতি) শীর্ষক এক বিতর্কে অংশ নিয়ে হুগো সয়্যার এ কথা বলেন। দেশটির বিরোধী দল লেবার পার্টি থেকে বহিষ্কৃত এমপি সায়মন ডানসুক ছিলেন এই বিতর্কের উদ্যোক্তা। বর্তমানে স্বতন্ত্র এমপি ডানসুক অতিথি হয়ে সম্প্রতি অনুষ্ঠিত বিএনপির কাউন্সিলে উপস্থিত ছিলেন।
বাংলাদেশে একের পর এক হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হুগো সয়্যার বলেন, গণতান্ত্রিকভাবে চ্যালেঞ্জ বা বিতর্কের সুযোগ সীমিত করা হলে তা উগ্রপন্থার পথকে উর্বর করে। তিনি জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গত ২৭ মে টোকিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশ বিষয়ে উদ্বেগগুলোর কথা জানিয়েছেন। গণগ্রেপ্তার, সন্দেহজনক ‘ক্রসফায়ার’ এবং পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করছে বলে মন্তব্য করেন সয়্যার। সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের প্রশংসা করে এ লক্ষ্যে একসঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান তিনি। পাশাপাশি হত্যা ও নির্যাতনের শিকার হওয়া ভুক্তভোগীদের ওপর দোষ চাপানো বন্ধ করারও আহ্বান জানান।
প্রায় আধা ঘণ্টাব্যাপী বিতর্কের শুরুতে এর উদ্যোক্তা এমপি সায়মন ডানসুক বলেন, আগামী সংসদ নির্বাচনকে বিবেচনায় নিয়ে সরকার বিএনপির জনপ্রিয় নেতাদের নানা অভিযোগ ও মামলার জালে জড়াচ্ছে। খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে ক্ষমতাসীনেরা নিজেরাই নিজেদের বিরোধী শক্তি বেছে নিতে চাইছে বলে মন্তব্য করেন সায়মন। বাংলাদেশের প্রতি অবরোধ আরোপের বিষয়ে প্রতিমন্ত্রীর মনোভাব জানতে চেয়ে এই এমপি বলেন, অন্তত যেসব ব্যক্তি ক্ষমতার অপব্যবহার ও জঘন্য অপকর্মের সঙ্গে জড়িত, তাঁদের যুক্তরাজ্যে আগমনে নিষেধাজ্ঞা জারি করা উচিত। সায়মনের এ দাবির কোনো জবাব দেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বিতর্কে অংশ নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হক বলেন, আগামী সেপ্টেম্বরে ঢাকায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনের সময় ব্রিটিশ এমপিরা ধর্মনিরপেক্ষ ও মুক্তমনা লেখকদের সঙ্গে বৈঠক করতে চাইলে মুক্তভাবে তা করার সুযোগের বিষয়ে আশ্বস্ত করার জন্য প্রতিমন্ত্রীর কাছে দাবি জানান রূপা হক।