'সব পদই লাগবে তাঁর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ ধরে রাখতে হবে। এমনকি বিদ্যালয়, কলেজ, মসজিদ, মাদ্রাসার সব পদই লাগবে তাঁর। কারণ, সভাপতির পদটির প্রতি তাঁর বড়ই লোভ। শুধু তা-ই নয়, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, শহর আওয়ামী লীগসহ সব কমিটিতে তাঁর অনুগত ব্যক্তিদের বাদ দেওয়া যাবে না।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়াকে ইঙ্গিত করে এমন অভিযোগ শহর আওয়ামী লীগের নেতা ইফতেখার হোসেনের। গতকাল সোমবার দুপুরে স্থানীয় হাজি আসমত কলেজ মাঠসংলগ্ন গোধূলি সিটি চত্বরে সংবাদ সম্মেলন তিনি এ অভিযোগ করেন।

ভৈরব শহর আওয়ামী লীগের সভাপতি ইফতেখার হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, উপজেলা যুবলীগ সভাপতি উমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, ৬ নভেম্বর থেকে পৌরসভার ওয়ার্ড পর্যায়ে শহর আওয়ামী লীগের কার্যকরী কমিটি গঠন শুরু হয়েছে। কমিটি গঠন নিয়ে শহর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মো. সায়দুল্লাহর বিরোধ হয়। স্থানীয় সাংসদ নাজমুল হাসানের কাছে সায়দুল্লাহর অনুগত ব্যক্তিরা গঠনতন্ত্র মেনে কমিটি গঠন করা হচ্ছে না, এমন লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কার্যকরী পর্ষদের সভা ডেকে গঠনতন্ত্র মেনে কমিটি গঠনের নির্দেশ দেন সাংসদ।

স্থানীয় সাংসদ নাজমুল হাসানের এমন লিখিত নির্দেশ গতকাল শহর আওয়ামী লীগ সভাপতির কাছে আসার পর প্রতিক্রিয়া জানাতে তাঁরা গতকাল সংবাদ সম্মেলন করেন।

ইফতেখার হোসেন বলেন, তিনি (সায়দুল্লাহ মিয়া) এক যুগ ধরে দলের সভাপতির পদটি ধরে রেখেছেন। কেবি পাইলট উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি সভাপতি পদটি তাঁর।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল মনসুর বলেন, তিন বছর পর পর সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের কমিটি পরিবর্তন হওয়ার কথা। কিন্তু সায়দুল্লাহ মিয়ার সভাপতি পদটির প্রতি লোভ থাকার কারণে দীর্ঘদিন পরেও নতুন কমিটি হয়নি।

আওয়ামী লীগ নেতা মো. সায়দুল্লাহ মিয়া বলেন, ‘আমি হই (সভাপতি) না, আমাকে হতে বাধ্য করে।’ প্রতিপক্ষকে ইঙ্গিত করে সায়দুল্লাহ মিয়া বলেন, তাঁদের অনেকের চরিত্রে ত্রুটি রয়েছে। এ কারণে সামাজিক কোনো প্রতিষ্ঠানে তাঁদের কাউকে সভাপতি বানাতে চান না।