'সব পেট্রলপাম্প বন্ধ করি দেও!'

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার সার্জারি বিভাগ। গতকাল শুক্রবার দুপুরে বারান্দা দিয়ে যাওয়ার সময় শোনা যাচ্ছিল যন্ত্রণায় কাতরানোর শব্দ। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখছিলেন কেউ কেউ। শয্যাপাশে যেতেই অনেকটা বিলাপ করে বললেন, ‘সব পেট্রলপাম্প বন্ধ করি দেও!... আর কেউ পেট্রল পাইত নায় (পেত না), মারতও নায়!’
শরীরজুড়ে পোড়া ক্ষত-যন্ত্রণায় প্রলাপের মতো এসব কথা বলা ব্যক্তি হচ্ছেন আল আমিন (২৭)। পাশে বসা ছিলেন তাঁর বড় ভাই আল হাসান (৩২)। হাসান ট্রাক চালান, আমিন সহকারী। দুই ভাইয়ের এ ট্রাক আক্রান্ত হয় গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টায়। ঢিল ছোড়ার কায়দায় চলন্ত ট্রাকে পেট্রলবোমায় দগ্ধ হয়েছেন দুই ভাই-ই। হাসান কানে ও হাতে, আমিনের পুরো শরীর দগ্ধ।
সিলেট নগরের কুমারগাঁও থেকে রাত ১০টায় তাঁরা ট্রাক ছেড়েছিলেন। গন্তব্য ছিল সুনামগঞ্জের ছাতক সিমেন্ট ফ্যাক্টরি। ভোরে সিমেন্ট নিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। মহানগর পুলিশের জালালাবাদ থানা এলাকার শেষ মাথায় আক্রান্ত হয় তাঁদের ট্রাক। ‘একটা মাত্র লোক রাস্তায় দাঁড়িয়েছিল। কোনো কিছু না বলে কায়দা করে একটা টিল মারল, সঙ্গে সঙ্গে ট্রাকে আগুন...!’ বলছিলেন হাসান।
ট্রাক চালাচ্ছিলেন হাসান। পাশে জানালা দিয়ে মুখ করে বসা ছিলেন আমিন। ঢিল ছোড়ার সঙ্গে সঙ্গে শক্ত ব্রেক কষে ট্রাক থামিয়ে হাসান জানান, তিনি এক দৌড় দিয়ে ঢিল ছোড়া ব্যক্তিকে ধরতে যান। ধরে ফেলেছিলেনও প্রায়। ঠিক ওই সময় ঢিল ছোড়া লোকটি কায়দা করে পেছনে তাকাতে তাঁকে বলল, ‘ওই দেখ পুড়ছে পুড়ছে...!’ হাসান পেছন ফিরে তাকাতেই দেখেন ভাইয়ের পুরো শরীরে আগুন। লোকটিকে ধরা থেকে ফিরে এসে ভাইয়ের শরীরের আগুন নেভান হাসান।
আমিন-হাসান দুই ভাইয়ের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার কলাটুকা গ্রামে। তাঁদের রোজগারে চলে পরিবার। মা-বাবা, আরও দুই ভাই রয়েছেন পরিবারে।
এই দুই ভাই ছাড়াও হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রয়েছেন বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের তেতলি এলাকায় পেট্রলবোমায় দগ্ধ ট্রাকচালক কুমেদ দাস (২২) ও সহকারী নিরঞ্জন সিংহ (২৪)। খালি ট্রাক নিয়ে সিলেট ফিরছিলেন তাঁরা। রাত পৌনে ১২টার দিকে তেতলির বদিকোনা এলাকায় ট্রাকের জানালা দিয়ে ছোড়া হয় পেট্রলবোমা। নিরঞ্জন দগ্ধ হন।