আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর বলেছেন, ‘সব বিভেদ ও অভিমান ভুলে ঐক্যবদ্ধ হোন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে।’বীর বাহাদুর গতকাল সোমবার বিকেলে নগরের মুসলিম হলে মহনগর আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেন। কর্মিসভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সুনীল দে, এ কে এম বেলায়েত হোসেন, মাহতাব উদ্দিন চৌধুরী, চন্দন ধর, মো. সালাহউদ্দিন প্রমুখ।বীর বাহাদুর দল ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশের কল্যাণে আমরা কে কী কাজ করেছি, আজ সেটাই বিবেচনা করে দেখতে হবে। দেশের জন্য আমাদের নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। আর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।’সভাপতির ভাষণে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মুষ্টিমেয় কয়েকজন নেতা-কর্মী অভিমান করে দলের সভা সমাবেশে আসছেন না। এটা ঠিক নয়। কোনো বিদ্বেষ নিয়ে দলের ক্ষতি করা ঠিক হবে না। এ মানসিকতার পরিবর্তন হতে হবে। তা না হলে মানুষজন আওয়ামী লীগকে নিয়ে কানাঘুষা করার সুযোগ পাবে। মহিউদ্দিন চৌধুরী সব অভিমান দূরে সরিয়ে রেখে দলের নেতা-কর্মীদের নির্বাচন মোকাবিলার জন্য মাঠে নামার অনুরোধ জানান।