'সব মহৎ উপন্যাসই জীবনের উপন্যাস'
যেকোনো ভাষার মহৎ উপন্যাসে প্রেম, বিরহ বা স্বপ্ন একেকটা অনুষঙ্গ হয়ে আসে। কিন্তু লেখকের উদ্দেশ্য সামগ্রিকভাবে মানুষের জীবনকে দেখানো। তাই সব উপন্যাসই শেষ পর্যন্ত জীবনের উপন্যাস।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের সার্সন রোডের হাটখোলা মিলনায়তনে আয়োজিত দুটি উপন্যাসের পাঠ প্রতিক্রিয়া অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে এ বছর একুশের বইমেলায় প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত বিশ্বজিৎ চৌধুরীর হে চন্দনা পাখি ও বাতিঘর থেকে প্রকাশিত বাদল সৈয়দের জলের উৎস উপন্যাস নিয়ে আলোচনা করেন বক্তারা।
কবি ও প্রাবন্ধিক আবুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পাঠ প্রতিক্রিয়া জানান সাহিত্যিক আখতার হুসেন, প্রাবন্ধিক আহমেদ মাওলা, কবি ওমর কায়সার ও স্থপতি ফারুক আহমেদ। নিজেদের লেখালেখি বিষয়ে কথা বলেন লেখক বিশ্বজিৎ চৌধুরী ও বাদল সৈয়দ। হাটখোলার পরিচালক কবি ইউসুফ মুহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন সংগঠনের সভাপতি স ম বক্তিয়ার।
আবুল মোমেন বলেন, কথাসাহিত্যিকদের কাজ গল্প বলা। গল্পের চরিত্রগুলো বিশ্বাসযোগ্য হলে লেখক সার্থক হন। দুই লেখকই তাঁদের উপন্যাসের চরিত্রগুলো পাঠকদের সামনে বিশ্বাসযোগ্যভাবে হাজির করতে সমর্থ হয়েছেন।
হে চন্দনা পাখি নিয়ে আলোচনা করতে গিয়ে আহমেদ মাওলা বলেন, এই উপন্যাস নিটোল প্রেমকাহিনি বা ইচ্ছাপূরণের গল্প নয়। এটি জীবনেরই উপন্যাস। প্রেম উপলক্ষ হয়ে এলেও এই উপন্যাসে মানুষের আকাঙ্ক্ষা ও স্বপ্নের সঙ্গে কঠিন বাস্তবতার টানাপোড়েনের চিত্র নিপুণ দক্ষতার সঙ্গে এঁকেছেন বিশ্বজিৎ চৌধুরী।
আখতার হুসেন বলেন, ‘বিশ্বজিতের গল্প বলার নিজস্ব ভঙ্গি আছে। কথাসাহিত্যিক হয়ে ওঠার প্রতিটি গুণ তাঁর আছে। তিনি এর মধ্যেই স্বতন্ত্র গদ্য ভাষা নির্মাণেও সক্ষম হয়েছেন।’
জলের উৎস উপন্যাস বিষয়ে ওমর কায়সার বলেন, রহস্য-রোমাঞ্চ উপন্যাসের আড়ালে জলের উৎস-তে একজন বাবা ও মেয়ের সম্পর্কের উদ্ঘাটন হতে দেখে পাঠক। ইউরোপ, আমেরিকা আর আফ্রিকা থেকে চট্টগ্রামের বোয়ালখালী পর্যন্ত ছড়িয়ে রয়েছে এই উপন্যাসের কাহিনির জাল। কিন্তু সবকিছু ছাপিয়ে শেষ পর্যন্ত প্রধান হয়ে ওঠে সত্য প্রকাশের জন্য একজন মানুষের আত্মত্যাগ ও বাবা হারানো এক মেয়ের বেদনা।