'সব যুদ্ধাপরাধীর বিচার শেষ করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আবদুল হাই বলেছেন, ‘কাদের মোল্লার ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে আমরা জাতি হিসেবে কিছুটা কলঙ্কমোচন করতে পেরেছি। তবে এখনো দায়মুক্ত হতে পারিনি। আমাদের এখানে থেমে গেলে চলবে না, ক্রমান্বয়ে সব যুদ্ধাপরাধীর বিচার শেষ করতে হবে।’
গতকাল শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ প্রেসক্লাব আয়োজিত দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্থানীয় সন্ত্রাসী ও গডফাদারদের বিষয়ে আবদুল হাই বলেন, যদি ৪২ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার হয়, তাহলে নারায়ণগঞ্জে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায় তারাও রেহাই পাবে না।
প্রেসক্লাবের শহীদ হানিফ খান মিলনায়তনে গতকাল বেলা তিনটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ।
এতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম, সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সভাপতি নাফিজ আশরাফ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা দুলাল সাহা, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানের শুরুতেই কবি শামসুর রাহমানের ‘বারবার ফিরে আসি’ কবিতা আবৃত্তি করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়। পরে আবৃত্তিতে অংশ নেন কবি ফাহমিদা আজাদ।